প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মিনিট আগে
ঢাকাই সিনেমার ইতিহাসে নিজের অভিনয়গুণে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ববিতা। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দেওয়া এই অভিনেত্রী এবার নিজের জীবনের গল্প পর্দায় তুলে ধরার কথা ভাবছেন।
তবে বায়োপিক নির্মাণে তার রয়েছে কিছু শর্ত। জীবনের শুরু থেকে চলচ্চিত্রে প্রতিষ্ঠা পাওয়া, সংগ্রাম, সাফল্য ও আন্তর্জাতিক অঙ্গনে পথচলার গল্প যথাযথভাবে তুলে ধরা হলেই তাতে অভিনয় করতে আগ্রহী তিনি।
ববিতা জানান, তার জীবন নিয়ে কেউ বায়োপিক নির্মাণ করতে চাইলে প্রথমেই গল্পটি হতে হবে বাস্তবনির্ভর ও পূর্ণাঙ্গ। জন্ম, পড়াশোনা, পরিবার, চলচ্চিত্রে পথচলা, অভিনয়জীবনের সংগ্রাম, অর্জন, আনন্দ-বেদনাÑ এসব কিছুই থাকতে হবে সেখানে। গল্প তার পছন্দ হলে এবং নির্মাণে প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করা হলে বায়োপিকে অভিনয়ের অনুমতি দেবেন তিনি।
ববিতার ভাষায়, শুধু চলচ্চিত্রজীবন নয়, পুরো মানুষটিকেই সঠিকভাবে তুলে ধরতে হবে বায়োপিকে। গল্পে জীবনের কোনো গুরুত্বপূর্ণ অধ্যায় বাদ পড়লে তাতে অভিনয় করতে চান না তিনি। এক দশকেরও বেশি সময় ধরে নতুন কোনো সিনেমায় অভিনয় করছেন না ববিতা। এর মধ্যে বেশ কয়েকটি সিনেমায় কাজের প্রস্তাব পেলেও গল্প পছন্দ না হওয়ায় সাড়া দেননি। এর আগে কয়েকটি সিনেমা প্রযোজনাও করেছেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায়।