প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মিনিট আগে
আন্তর্জাতিক পপসংগীতের পরিচিত মুখ ওটিলিয়া ব্রুমা। রোমানিয়ান এই সংগীতশিল্পী কণ্ঠের স্বতন্ত্র ধরন, আকর্ষণীয় সুর ও ছন্দময় গানের জন্য বিশ্বজুড়ে শ্রোতাদের কাছে পরিচিত। ২০১৪ সালে প্রকাশিত তার ‘বিলিওনেরা’ গানটি আন্তর্জাতিক সংগীতাঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা পায়। গানটির মিউজিক ভিডিও ইউটিউবে শতকোটি ভিউয়ের কাছাকাছি পৌঁছে তাকে এনে দেয় বিশ্বব্যাপী পরিচিতি।
এরপর ‘প্রিজোনেরা’, ‘ডায়ামান্তে’ ও ‘প্যাশন’-এর মতো গান দিয়েও শ্রোতাদের নজর কাড়েন তিনি। ২০২২ সালে প্রথমবার ঢাকায় গান গেয়ে গেছেন এই পপতারকা। চার বছর পর আবারও বাংলাদেশের দর্শকদের সামনে সরাসরি সংগীত পরিবেশন করতে আসছেন তিনি।
‘ওটিলিয়া রিটার্নস : বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্টের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে। অনলাইনে সর্বনিম্ন ২ হাজার ৫০০ টাকা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।
আগামী ২৭ নভেম্বর শুক্রবার রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক সংগীত আয়োজন। ইমেকার্স বাংলাদেশ আয়োজন করছে অনুষ্ঠানটি। টিকিট বিক্রির দায়িত্বে রয়েছে টিকিফাই। টিকিটের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়েছে। অনলাইনে টিকিট সংগ্রহের সুযোগ থাকায় ঘরে বসেই কনসার্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে পারবেন আগ্রহীরা।
এর আগে ২০২২ সালের জুলাইয়ে ঢাকায় এসেছিলেন ওটিলিয়া। সে সময় নকিয়া জি২১ ফোনের উদ্বোধনী আয়োজনে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় সংগীত পরিবেশন করেন তিনি। তার জনপ্রিয় গান ‘বিলিওনেরা’ ছাড়াও অন্যান্য পরিবেশনা উপভোগের সুযোগ পেয়েছিলেন দর্শকরা। এবার চার বছর পর তার প্রত্যাবর্তন ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।