× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফরান নিশোর বড় সুসময়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মিনিট আগে

আফরান নিশোর বড় সুসময়

ছোটপর্দার জনপ্রিয়তা পেরিয়ে বড়পর্দায় নিজের অবস্থান তৈরি করেছেন অভিনেতা আফরান নিশো। চরিত্রের প্রয়োজনে কখনও রোমান্টিক, কখনও রহস্যময়, আবার কখনও কঠিন ও ব্যতিক্রমী অবয়বে পর্দায় হাজির হয়েছেন তিনি। অভিনয়ের স্বতন্ত্র ধরন, সংলাপ বলার ভঙ্গি এবং চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতা তাকে দর্শকের কাছে আলাদা পরিচিতি দিয়েছে।

‘সুড়ঙ্গ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর ‘দাগি’ ও ‘দম’-এ অভিনয় করে বড়পর্দায় নিজের অবস্থান আরও শক্ত করেছেন এই অভিনেতা। এবার একসঙ্গে বেশ কয়েকটি নতুন সিনেমা নিয়ে আলোচনায় রয়েছেন নিশো। ভিকি জাহেদ, রায়হান রাফী, আদনান আল রাজীব ও জাহিদ প্রিতমের মতো নির্মাতাদের সঙ্গে তার কাজের খবর ঘিরে তৈরি হয়েছে দর্শকের আগ্রহ।

তাই বলাই যায় আফরান নিশোর এখন বড় সুসময় চলছে। নিশোর আসন্ন সিনেমার তালিকায় রয়েছে ‘খলনায়ক’, ‘সুড়ঙ্গ ২’, ‘পুলসিরাত’, ‘অপলক’ এবং নাম চূড়ান্ত না হওয়া একটি প্রকল্প। ভিকি জাহেদের পরিচালনায় ‘খলনায়ক’ একটি মনস্তাত্ত্বিক থ্রিলার। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও হইচই স্টুডিওজের যৌথ প্রযোজনায় নির্মিতব্য সিনেমাটিতে নিশোর সঙ্গে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও তমা মির্জা। বিশেষ চরিত্রে রয়েছেন কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। মানবচরিত্রের জটিলতা ও রহস্যময়তাকে কেন্দ্র করে এগোবে সিনেমাটির গল্প।

অন্যদিকে ‘সুড়ঙ্গ ২’ নিয়ে দর্শকের আগ্রহের অন্যতম কারণ প্রথম সিনেমার সাফল্য। রায়হান রাফী পরিচালিত প্রথম কিস্তিতে মাসুদ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন নিশো। তবে দ্বিতীয় কিস্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ও বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। ভিকি জাহেদের আরেকটি আলোচিত প্রকল্প ‘পুলসিরাত’। এটি রোমান্টিক থ্রিলার ঘরানার সিনেমা। প্রাথমিকভাবে নিশো ও মেহজাবীন চৌধুরীকে কেন্দ্রীয় চরিত্রে ভাবার কথা জানা গেলেও তাদের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত তথ্য প্রকাশিত হয়নি।

এদিকে নির্মাতা আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘অপলক’-এ মেহজাবীনের সঙ্গে অভিনয় করবেন নিশো। এটি প্রেমের গল্পনির্ভর সিনেমা। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতার। পাশাপাশি জাহিদ প্রিতমের পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া আরেকটি প্রকল্পের কথাও আলোচনায় রয়েছে। তবে এটির বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য এখনও পাওয়া যায়নি।

নিশোর অভিনয়জীবনের শুরু বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। ২০০৩ সালে মডেল হিসেবে শোবিজে যাত্রা শুরু করেন তিনি। পরে গাজী রাকায়েত পরিচালিত ‘ঘরছাড়া’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিনয় শুরু। দীর্ঘ সময় টেলিভিশন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’, ‘মরীচিকা’, ‘সিন্ডিকেট’ ও ‘কাইজার’। ওয়েব ফিল্ম ‘রেডরাম’ এবং ‘মাইনকার চিপায়’তেও অভিনয় করেছেন তিনি।

২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয় নিশোর। সিনেমাটিতে মাসুদ চরিত্রে অভিনয়ের জন্য ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান অর্জন করেন তিনি। এরপর শিহাব শাহীনের ‘দাগি’ এবং রেদওয়ান রনির ‘দম’-এ অভিনয় করেছেন। সব মিলিয়ে নতুন পাঁচটি প্রকল্প ঘিরে বড়পর্দায় ব্যস্ত সময়ের অপেক্ষায় রয়েছেন আফরান নিশো।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা