× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সলিল চৌধুরীর গানে সুরের মূর্ছনা, ‘ঠুমরী’র আয়োজনে মুগ্ধতার সন্ধ্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মিনিট আগে

বাংলা ও হিন্দি গানের কালজয়ী সুরস্রষ্টা, গীতিকার ও সংগীত পরিচালক সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ সংগীত সন্ধ্যার আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘ঠুমরী’।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলা ও হিন্দি গানের কালজয়ী সুরস্রষ্টা, গীতিকার ও সংগীত পরিচালক সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ সংগীত সন্ধ্যার আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘ঠুমরী’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলা ও হিন্দি গানের কালজয়ী সুরস্রষ্টা, গীতিকার ও সংগীত পরিচালক সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ সংগীত সন্ধ্যার আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘ঠুমরী’। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট মিলনায়তনে ‘শতবর্ষে সলিল চৌধুরী’ শীর্ষক এ আয়োজনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিল্পীরা। সলিলের কালজয়ী গানের পরিবেশনায় সুর, স্মৃতি ও আবেগে মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।

‘সুস্থ সঙ্গীত, সুন্দর ভাবনা...’ স্লোগানকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পীদের কণ্ঠে একের পর এক পরিবেশিত হয় সলিল চৌধুরীর জনপ্রিয় গান। কখনো সুরের মূর্ছনা, কখনো গানের কথার গভীরতায় মিলনায়তনজুড়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ। পরিচিত গানগুলো প্রবীণ শ্রোতাদের ফিরিয়ে নিয়ে যায় স্মৃতিময় অতীতে। পাশাপাশি নতুন প্রজন্মের শ্রোতারাও পরিচিত হওয়ার সুযোগ পান বাংলা সংগীতের অন্যতম এই কিংবদন্তির সৃষ্টির সঙ্গে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খন্দকার আনাম শাকিল, অনিরুদ্ধ সেনগুপ্ত, মান্নু জাহিদ ও আফসানা রুনা। তাদের পরিবেশনায় ছিল ‘কোনো এক গাঁয়ের বধূ’, ‘পথ হারাবো’, ‘না যেও না’, ‘যদি কিছু আমারে শুধাও’, ‘ধিতাং ধিতাং বলে’, ‘মনের জানালা ধরে’, ‘নিজেরে হারায়ে খুঁজি’, ‘না মন লাগে না’, ‘আমি ঝড়ের কাছে’, ‘একদিন ফিরে যাবো’, ‘বাজে গো বীণা’, ‘আজ নয় গুনগুন’, ‘মন মাতাল’, ‘ও মোর ময়না গো’, ‘আমি পারিনি বুঝিতে পারিনি’, ‘আমায় প্রশ্ন করে’, ‘সাত ভাই চম্পা’, ‘শোনো কোনো একদিন’, ‘রানার’ ও ‘আজ তবে এইটুকু’সহ সলিল চৌধুরীর অসংখ্য জনপ্রিয় গান।

শিল্পীদের পরিবেশনায় উঠে আসে সলিল চৌধুরীর গানের সুরের বৈচিত্র্য ও আবেগের গভীরতা। প্রিয় গানের সুরে দর্শক-শ্রোতাদের মধ্যে তৈরি হয় উচ্ছ্বাস। অনেকেই গানের সঙ্গে কণ্ঠ মেলান। পুরো মিলনায়তনজুড়ে ছড়িয়ে পড়ে মুগ্ধতার আবেশ।

সংগীত পরিবেশনার পাশাপাশি কবিতা ও আবৃত্তি পরিবেশন করেন জাহাঙ্গীর চৌধুরী। তার পরিবেশনায় ‘শপথ’ এবং ‘কবিতা ও মহাকাব্য’ আয়োজনটিতে যোগ করে ভিন্নমাত্রা। গান ও কবিতার সম্মিলনে সন্ধ্যাটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও নান্দনিক। অনুষ্ঠানটি সঞ্চালনাও করেন তিনি।

সলিল চৌধুরী বাংলা ও হিন্দি সংগীতের এক কিংবদন্তি স্রষ্টা। তার সংগীতে লোকজ সুর, পাশ্চাত্য সংগীত, ধ্রুপদি ধারা ও আধুনিকতার অপূর্ব সমন্বয় ঘটেছে। তার গান শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সময়, সমাজ, প্রেম, প্রকৃতি ও মানুষের জীবনবোধের এক অনন্য শিল্পিত প্রকাশ। জন্মশতবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে নতুন করে স্মরণ করা হলো সংগীতজগতের এই কালজয়ী স্রষ্টাকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা