× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইহজীবনে অংকের হাত থেকে কারো মুক্তি নেই: আফজাল হোসেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মিনিট আগে

আফজাল হোসেন। ছবি: অভিনেতার ফেসবুক থেকে

আফজাল হোসেন। ছবি: অভিনেতার ফেসবুক থেকে

অংককে একসময় ভীষণ অপছন্দ করতেন। এমনকি অংক থেকে মুক্তি পেতেই ছবি আঁকা শেখার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন আর্ট কলেজে। কিন্তু জীবনের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে একসময় উপলব্ধি করেছেন, অংক ছাড়া আসলে জীবন চলে না। নিজের ছাত্রজীবনের এমন গল্প এবং জীবনের সঙ্গে অংকের গভীর সম্পর্ক তুলে ধরেছেন অভিনেতা আফজাল হোসেন।

নিচে তার মনোভাবটি সম্পূর্ণ তুলে ধরা হলো-

ছবি আঁকা শিখতে, শিল্পী হবো বলে ঢাকায় এসে আর্ট কলেজে ভর্তি হই। কথাটা শতভাগ সত‍্যি নয়। অংকে আমি কাঁচা ছিলাম। অংক বুঝতে চেষ্টা করেও পারতাম না। বোঝার জন‍্য বেশি চেষ্টা করতে থাকলে মাথা ব‍্যথা শুরু হয়ে যেতো।

চিকিৎসাশাস্ত্র বিষয়ে বিদেশে পড়তে যাওয়া কাকা ছুটিতে বাড়িতে এসে ভাতিজার ছবি আঁকায় আগ্রহ দেখে আব্বাকে বলেছিলেন, ওকে আর্ট কলেজে ভর্তি করানো উচিৎ হবে। আব্বা বা আমরা সেই অজ পাড়াগাঁয়ের কেউই আর্ট কলেজের নাম শুনিনি। জানা ছিলনা ছবি আঁকা শেখার জন‍্যেও কলেজ আছে। 

কাকার প্রস্তাব শোনার পর মনে মনে পণ করে বসি, আর্ট কলেজ ছাড়া কোথাও পড়তে যাবোনা। আমাকে শিল্পী হতেই হবে। 

আব্বা বলেছিলেন, ও পড়াশোনায় মনোযোগ দিক। ভালোভাবে পাশ করে দেখাক, ভর্তি করা হবে। 

যা মোটেও পছন্দের ছিলোনা, মন দেই সেই অংকে। মাথায় ঢোকে না অংক, ঢুকতে চায় না, মুখস্ত করার চেষ্টায় নেমে পড়ি। নিজেকে বোঝাই, ভালোভাবে পাশ করতেই পারলেই মিলবে আর্ট কলেজে ভর্তি ওয়ার সুবর্ণ সুযোগ। জীবন থেকে দূর হয়ে যাবে শনির আছর। জীবনে আর থাকবেনা অংকের যাতনা। 

অংকের পাল্লায় পড়ি আর ভাবি, আর্ট কলেজে ভর্তি হতে পারলে অংককে কাঁচকলা দেখিয়ে বাকি জীবনটা ছবি আঁকা নিয়ে মেতে থেকে কাটিয়ে দিতে পারবো।

ছোটকালে বড় বিষয় বুঝতে পারার কথা নয়। 

কলেজে ভর্তি হয়ে কিছুদিনের মধ্যেই বুঝতে পারি, দুনিয়া অংক ছাড়া চলে না। ছবি আঁকতেও অংক লাগে। নাচতে গাইতে অভিনয় করতে, রান্না করতেও অংক জানতে এবং মানতে হয়। 

লেখকের লেখায়, চিত্রকরের ছবিতে অংক থাকে। আচার ব‍্যবহার, সাজসজ্জা, গাড়ি চালানো, আলোচনা সমালোচনা ইত্যাদি কোনো বিষয়েই অংকবিহীন নয়। 

আমরা যে জীবন যাপন করি, তা অংকময়। 

যে মানুষ গান শেখেননি, গান শুনতে গিয়ে তিনি কীভাবে টের পান, শিল্পী ঐখানটায় তালে ভুল করেছেন বা একটু বেসুরো গাইলেন! আমাদের কানে মনে চোখে ভুল এবং ঠিক মাপবার, স্বাভাবিকতা ও অস্বাভাবিকতা মেপে দেবার যন্ত্র সংযুক্ত করে দেওয়া আছে। 

জীবনানন্দ দাসের কবিতা, পিকাসোর প্রথা ভাঙা চিত্রকলা, সত‍্যজিৎ রায়ের চলচ্চিত্র- ক্রিকেটারদের বোলিং ব‍্যাটিং- সবকিছুতেই রয়েছে অংক।

অংক যারা মানে না, যারা বেহিসাবী তাদের কথা, কাজ অসংলগ্ন। একটা কথা আছে “ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না” এ কথা কে কবে কাদের উদ্দেশ্যে বলেছিলেন, খোঁজার দরকার নেই। বাংলা ভাষায় যখন, বাঙালিদের উদ্দেশ্যেই বলা।

কথাটায় অংক আছে না নেই?

“পরের জন‍্য গর্ত খুঁড়লে নিজেকেই সে গর্তে পড়তে হয়” “চোরে চোরে মাসতুতো ভাই” বা “ঢিল মারলে পাটকেল খেতে হয়” 

সবই অংক। সেই কবে ভেবেছিলাম, অংক থেকে মুক্তি পাবো। পদে পদে বুঝতে পারছি, ইহজীবনে অংকের হাত থেকে কারো মুক্তি নেই।



নোট: অভিনেতার ফেসবুক থেকে

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা