প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মিনিট আগে
আপডেট : ১৪ মিনিট আগে
জয় চৌধুরী। ছবি: সংগৃহীত
এফডিসির চলচ্চিত্রের সবগুলো সংগঠনের সমম্বয়ে গঠিত ১৯টি সংগঠনের আহ্বায়ক কমিটির সভাপতি হেলাল খানের নেতৃত্বে থাকতে অনিচ্ছা প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সংগঠনগুলোর মুখপাত্র ও চিত্রনায়ক জয় চৌধুরী।
জয় চৌধুরীর অভিযোগ, হেলাল খান নিজেই শিল্পীদের ‘বাস্টার্ড’ বলে গালিগালাজ করেছেন। এমনকি তার সামনেই তার সহযোগী বহিরাগতরা শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। পাশাপাশি শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সব সদস্যকে এফডিসি থেকে বের করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
জয় চৌধুরী বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। সোমবার রাতে তিনি গণমাধ্যমকে বলেন, “যে নেতার কাছে আমরা শিল্পীরা নিরাপদ নই, সেক্ষেত্রে আমি চলচ্চিত্রের ১৯টি সংগঠন থেকে পদত্যাগ করব। এমন নেতার নেতৃত্বে আমি থাকতে চাই না, যিনি নিজেই শিল্পীদের গালিগালাজ করেন।”
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এফডিসির প্রধান ফটকে রবিবার বিকালে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিঠি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকে।
তবে এফডিসিতে উপস্থিত থাকলেও কর্মসূচিতে যোগ দেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য। কর্মসূচি শেষে শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয় চৌধুরীর সঙ্গে কথা বলেন হেলাল খান। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
হেলাল খান বলেন, “যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট।” তিনি জয়কে বলেন, “চুপ, একদম চুপ, তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।”