বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ মিনিট আগে
ছবি: সংগৃহীত
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তার জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে একটি স্বর্ণের গিটার পেয়েছেন। এই সংগীতশিল্পীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে চ্যানেল আই নির্মিত ‘রুনা মহল’ নামের একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে তার হাতে এই বিশেষ উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর শুভেচ্ছা উপহার হিসেবে স্বর্ণের গিটারটি রুনা লায়লার হাতে তুলে দেন। এমন ব্যতিক্রমী উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এই শিল্পী।
অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং আলমগীর তনয়া সংগীতশিল্পী আঁখি আলমগীর।
চ্যানেল আইয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কণ্ঠের সুরের জাদুতে শ্রোতাদের মোহিত করা এই কিংবদন্তি শিল্পীর কণ্ঠে চলচ্চিত্রের কয়েক হাজার গান গীত হয়েছে। এ ছাড়া দেশাত্মবোধক গানসহ নানান ঘরানার গানে সুরের ঝংকার তুলেছেন তিনি। এই ‘রুনা মহল’ অনুষ্ঠানের মাধ্যমে রুনা লায়লার এখন পর্যন্ত অজানা অনেক তথ্য জানা যাবে।
আরিফ খানের পরিচালনা এবং অনন্যা রুমার প্রযোজনায় ‘টাইমজোন-রুনা মহল’ নামের এই বিশেষ অনুষ্ঠানটি আগামী ১৭ নভেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে।