× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলশান লেকপার্কে সুরের মূর্ছনায় ‘গানে গানে হেমন্ত সন্ধ্যা’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মিনিট আগে

গুলশান সোসাইটির উদ্যোগে লেকপার্কে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গুলশান সোসাইটির উদ্যোগে লেকপার্কে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নগরজীবনের যান্ত্রিকতা ও ব্যস্ততা ছাপিয়ে হেমন্তের স্নিগ্ধ সন্ধ্যায় রবীন্দ্রসংগীত ও আধুনিক গানের আবহে রাজধানীর গুলশান লেকপার্কে অনুষ্ঠিত হয়েছে ‘গানে গানে হেমন্ত সন্ধ্যা’।

দেশের দুই বরেণ্য সংগীতশিল্পী অদিতি মহসীন ও বাপ্পা মজুমদারের মনোমুগ্ধকর পরিবেশনায় সুরের মায়াজালে জমে ওঠা আয়োজনে মুগ্ধ হলেন রাজধানীবাসী।

শনিবার গুলশান সোসাইটির উদ্যোগে লেকপার্কে এ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গুলশান এলাকার বাসিন্দা, সোসাইটির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট শিল্পী অদিতি মহসীন তাঁর স্নিগ্ধ কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গানগুলো উপস্থিত দর্শক-শ্রোতাদের আবেগাপ্লুত করে। তিনি একে একে পরিবেশন করেন ‘আনন্দধারা বহিছে ভুবনে’, ‘একটু কেবল বসতে দিও’, ‘ভালোবেসে সখি নিভৃতে যতনে’, ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’, ‘তুমি কি কেবলই ছবি’, ‘ও যে মানে না মানা’ ও ‘আমার এই পথ চলাতেই আনন্দ’সহ বেশ কয়েকটি গান।

এরপর মঞ্চে আসেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। শুরুতেই তিনি পরিবেশন করেন ‘বৃষ্টি পড়ে অঝর ধারায়’। পরে নিজের জনপ্রিয় গানগুলো একে একে পরিবেশন করে শ্রোতাদের মাতিয়ে রাখেন। তাঁর কণ্ঠ ও গিটারের সুরে লেকপার্কের খোলা আকাশের নিচে তৈরি হয় ভিন্ন এক সংগীতময় পরিবেশ। এ সময় দর্শকদের অনেককেই প্রিয় শিল্পীর সঙ্গে গানের সুরে কণ্ঠ মেলাতে দেখা যায়।

অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ও গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত স্বাগত বক্তব্যে আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে বলেন, হেমন্ত আনন্দ-উচ্ছ্বাসের ঋতু। মাঠে সোনালি ধান, কৃষকের মুখে হাসি—এসব ঘিরেই বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিতে নানা উৎসবের প্রচলন রয়েছে। কিন্তু সময়ের সঙ্গে আমরা অনেক ক্ষেত্রে নিজেদের সংস্কৃতি ভুলতে বসেছি। হেমন্তের সেই ঐতিহ্য ও উৎসবকে মনে করিয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, ধর্মীয় পরিচয়ে কেউ মুসলিম, কেউ হিন্দু হতে পারেন। কিন্তু বাংলা আমাদের ভাষা, বাঙালি আমাদের সংস্কৃতি ও জাতীয় পরিচয়। এগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়।

ওমর সাদাত বলেন, ইট-পাথরের নগরীতে প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। ঋতুভিত্তিক এমন আয়োজন নতুন প্রজন্মকে নিজেদের শেকড় ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত করতে সহায়তা করে।

গুলশান সোসাইটির এ আয়োজনে লেকপার্ক প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়। সংগীত পরিবেশনা উপভোগের পাশাপাশি পরিচিতজনদের সঙ্গে সময় কাটান উপস্থিত অতিথিরা। নাগরিক জীবনের একঘেয়েমি কাটিয়ে এমন সাংস্কৃতিক আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন তাঁরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা