প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ মিনিট আগে
কোরিয়ান সিরিজের দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছে নেটফ্লিক্স। এবার পিরিয়ড অ্যাকশন ও রোমান্সের মিশেলে নির্মিত হচ্ছে ‘দ্য টোয়াইলাইট বিটুইন আস’। সিরিজটির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় দুই তারকা খাং দোং ওন ও কিম গো উন।
নির্মাণের দায়িত্বে রয়েছেন ‘সিগন্যাল’, ‘মাই মিস্টার’ ও ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজেরিন্স’-এর মতো দর্শকপ্রিয় সিরিজের নির্মাতা কিম ওন সক। চিত্রনাট্য লিখেছেন ‘কুইন অব টিয়ার্স’ ও ‘ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ’-এর চিত্রনাট্যকার পার্ক জি উন।
সিরিজটির গল্পে উঠে আসবে বংশপরম্পরায় শত্রুতা বহন করে চলা দুটি পরিবারের কাহিনি। দুই পরিবারের উত্তরাধিকারী মু ইয়োং ও সু রিয়োনের জীবনকে কেন্দ্র করেই এগোবে গল্প। দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটাতে রাজা তাদের বিয়ের নির্দেশ দেন। কিন্তু রাজকীয় সিদ্ধান্তে হওয়া এই বিয়ে যে কেবল দুই পরিবারের সম্পর্কের সমীকরণ বদলে দেবে, তা নয়; বরং দুজনের জীবনেই তৈরি করবে অপ্রত্যাশিত পরিস্থিতি।
সিরিজে মু ইয়োং চরিত্রে অভিনয় করছেন খাং দোং ওন। কাং পরিবারের সন্তান মু ইয়োং মার্শাল আর্টে অত্যন্ত দক্ষ। ভালো মনের মানুষ হওয়া সত্ত্বেও ‘উত্তরের শয়তান’ নামে পরিচিতি পাওয়ায় নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখে সে। অন্যদিকে সু রিয়োন চরিত্রে থাকছেন কিম গো উন। হান পরিবারের একমাত্র মেয়ে সু রিয়োন ক্রাউন প্রিন্সেস হওয়ার সুযোগ হারানোর পর রাজকীয় বিবাহ নিষেধাজ্ঞার মধ্যে আটকা পড়ে। মু ইয়োংয়ের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত তার জীবনে নতুন মোড় নিয়ে আসে। তবে প্রতিকূল পরিস্থিতিতেও নিজের অবস্থানে অনড় থাকে সে।
দুই তারকার প্রথম জুটি হওয়ার কারণে সিরিজটি নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। খাং দোং ওন এর আগে ‘পেনিনসুলা’, ‘ব্রোকার’, ‘আ ভায়োলেন্ট প্রসিকিউটর’ ও ‘দ্য প্রিস্টস’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। অন্যদিকে কিম গো উন পরিচিতি পেয়েছেন ‘গবলিন’, ‘দ্য কিং : এটারনাল মনার্ক’ ও ‘লিটল উইমেন’ সিরিজের মাধ্যমে। সিনেমাতেও রয়েছে তার উল্লেখযোগ্য কাজ।