নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও নাজিফা তুষি
নিজের নির্মাণশৈলী ও গল্প বলার স্বতন্ত্র ভঙ্গিতে ইতোমধ্যে দর্শকের নজর কেড়েছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। বড়পর্দায় তার অভিষেক হয়েছিল ‘প্রিয় মালতী’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমাতেই প্রশংসা কুড়ান তিনি। এরপর ওটিটির জন্য নির্মাণ করেন ‘চা গরম’। সেটিও দর্শকমহলে আলোচনায় আসে। এবার নতুন গল্প নিয়ে বড়পর্দায় ফিরছেন এই নির্মাতা।
তার দ্বিতীয় সিনেমা ‘আবার দেখা হলে’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ঈদুল ফিতরে। সিনেমাটিকে ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে দর্শকের আগ্রহ। বিশেষ করে প্রথমবারের মতো জুটি হয়ে এই সিনেমায় অভিনয় করছেন জনপ্রিয় সিয়াম আহমেদ ও নাজিফা তুষি।
সিয়াম ও তুষি দুজনই নিজেদের অভিনয়গুণে আলাদা অবস্থান তৈরি করেছেন দেশের বিনোদন অঙ্গনে। বড়পর্দায় সিয়ামের উপস্থিতি বরাবরই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। অন্যদিকে নাজিফা তুষিও অভিনয়ের বৈচিত্র্য ও চরিত্র নির্বাচনে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন। এবার প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন তারা। ফলে নতুন এই জুটিকে নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। সিনেমাটিতে তাদের পাশাপাশি অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ, রেজওয়ান পারভেজসহ এক ঝাঁক অভিনয়শিল্পী।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ। সিঙ্গার ও বেকোর উপস্থাপনায় সিনেমাটি প্রযোজনা করেছে ফিল্মি ফিচার্স। সহপ্রযোজক ও অফিসিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে চরকি। মিব স্টুডিওর সঙ্গে যৌথভাবে নির্মিত হয়েছে সিনেমাটি।
মধ্যবিত্ত পরিবারের গল্প
নির্মাতার ভাষায়, ‘আবার দেখা হলে’ মূলত মধ্যবিত্ত পরিবারের গল্প। পারিবারিক সম্পর্ক, আবেগ, মূল্যবোধ এবং জীবনের নানা দ্বন্দ্ব ও নাটকীয়তা উঠে আসবে এতে। তবে গল্পের আবেগঘন মুহূর্তগুলোর পাশাপাশি থাকবে হাস্যরসও। সব বয়সী দর্শকের কথা মাথায় রেখেই সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। গল্পটি সমাজের মধ্যবিত্ত শ্রেণির। আবেগ, পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক আবহের বিষয় রয়েছে সিনেমাটিতে। রয়েছে বাস্তব জীবনের দ্বন্দ্ব ও নাটকীয়তা। এসব শুনে দর্শক আবার মনে করবে না যে এটি খুব গম্ভীর কোনো সিনেমা হতে যাচ্ছে। মূল আবেগকে ঘিরে সিনেমায় হাস্যরসও রয়েছে অনেক। এ ছাড়া দর্শকের পছন্দের অভিনয়শিল্পীরা রয়েছেন, তাদের অভিনয়টাও আমার গল্পের অন্যতম শক্তি।
নিজেকে ফিরে পাওয়ার গল্প
সিনেমাটির গল্পের কেন্দ্রে রয়েছে মানুষ, তার অতীত, স্মৃতি এবং নিজেকে নতুন করে আবিষ্কারের অনুভূতি। ফেলে আসা সময়ের দিকে ফিরে তাকানো, পুরনো স্মৃতির সঙ্গে বর্তমানকে মেলানো এবং নিজের জীবনের নানা প্রশ্নের উত্তর খোঁজার মধ্য দিয়ে এগিয়ে যাবে কাহিনী। নির্মাতার ভাষায়, এটি মূলত নিজেকে ফিরে পাওয়ার গল্প।
সিনেমার গল্পে ভিন্ন ভিন্ন সময়ের ঘটনাপ্রবাহ ও স্মৃতি বিশেষ গুরুত্ব পাবে। গল্পের আবেগ এবং সময়ের পরিবর্তনকে পর্দায় আরও গভীরভাবে তুলে ধরতে আবহসংগীত ও গানেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন নির্মাতা। পারিবারিক সম্পর্ক, স্মৃতি, হাসি-কান্না ও জীবনের নানা উপলব্ধির গল্প নিয়ে আসছে ‘আবার দেখা হলে’। ঈদুল ফিতরে সিয়াম-তুষির নতুন জুটি এবং শঙ্খ দাশগুপ্তের নির্মাণশৈলী বড়পর্দায় কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।