প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৮:২০ পিএম
তারকাদের ব্যক্তিগত নানা তথ্য জানতে অনেকেই দ্বারস্থ হন গুগলের। কিন্তু সেই গুগলেই যদি থাকে ভুল তথ্য, তাহলে বিড়ম্বনায় পড়তে হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে। এবার এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। গুগলে নিজের নামে থাকা প্রোফাইলে জন্মসাল ও বয়সের ভুল তথ্য দেখে বিরক্তি প্রকাশ করেছেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার ছলে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন এই অভিনেত্রী।
গুগলে তাঁর বয়সের তথ্য কে বা কারা যুক্ত করেছেন, তা নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন সাদিয়া। একই সঙ্গে তথ্যটি যাচাই না করে প্রকাশ করার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন। নিজের ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘গুগলে আমার নামে, আমার বয়স দিয়ে এই প্রোফাইল যে করেছে তার সঙ্গে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে, না হয় তার সঙ্গে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে।’
বিষয়টি কেবল ভুল তথ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর কারণে নানা ধরনের বিভ্রান্তি তৈরি হতে পারে বলেও মনে করছেন তিনি। বর্তমানে ব্যক্তিগত ও পেশাগত প্রয়োজনে অনেকেই গুগল থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। ফলে সেখানে থাকা ভুল তথ্য সংশোধন হওয়া জরুরি। এ কারণে গুগলে নিজের জন্মসালের ভুল তথ্য কীভাবে পরিবর্তন করা যায়, সে বিষয়েও জানতে চেয়েছেন অভিনেত্রী।
বয়স নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে সাদিয়া জানান, জন্মসাল কিংবা বয়স নিয়ে কখনোই কোনো ধরনের লুকোচুরি করেননি তিনি। এ বছরের ১৭ মার্চ সত্যি সত্যিই ২৭ বছরে পা দিয়েছেন বলে উল্লেখ করেন অভিনেত্রী। তবে তাঁর জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও শিক্ষাগত সনদ অনুযায়ী বয়স এখন ২৬ বছর। অর্থাৎ, সরকারি ও শিক্ষাগত নথিতে থাকা তথ্যের সঙ্গে গুগলের প্রোফাইলে দেওয়া তথ্যের মিল নেই।
বয়সকে স্বাভাবিক জীবনেরই একটি সুন্দর অংশ হিসেবে দেখেন সাদিয়া। এ নিয়ে রাখঢাক করার কোনো প্রয়োজন বোধ করেন না তিনি। তাই জন্মসাল ও বয়স নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়ার বিষয়টি তাঁকে বিব্রত করেছে।
উল্লেখ্য, ২০১৯ সালে বিজ্ঞাপনচিত্রে কাজের মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন সাদিয়া আয়মান। একই বছর ইমরাউল রাফাত পরিচালিত ‘টু বি ওয়াইফ’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক হয় তাঁর। অভিনয়ে আসার শুরুতে পরিবারের কাছ থেকে পুরোপুরি সমর্থন না পেলেও সময়ের সঙ্গে নিজের কাজের মাধ্যমে জায়গা তৈরি করে নিয়েছেন তিনি।