প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১৩:০৫ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ১৩:১০ পিএম
বলিউডের মেগাস্টার অভিনেত্রী কারিনা কাপুর খান। নিজের অভিনয় দক্ষতা দিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন প্রায় তিন যুগ ধরে। ক্যারিয়ারের এই দীর্ঘসময়ে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। কাজ করেছেন নামিদামি সব নির্মাতা ও অভিনেতার সঙ্গে। নিজেকেও নিয়ে গেছেন সফলতার অনন্য উচ্চতায়। এখন তিনি বি-টাউনের সেরা অভিনেত্রীদের একজন।
কারিনা নিজের গ্ল্যামার, নৃত্য ও অভিনয় দিয়ে ভক্তদের ক্রাশ হয়ে আছেন দীর্ঘসময়। তার সঙ্গে ছবি তোলা, কথা বলা এখন একজন ভক্তের জন্য স্বপ্নের মতো। কিন্তু জেনে অবাক হবেন বলিউডের এই ‘ছাম্মাক ছাল্লো’ গার্লেরও একজন ক্রাশ আছে। যাকে দেখে তার হাত-পা কাঁপত। যার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষায় থাকতেন তিনি। সেই ভাগ্যবান অভিনেতার নাম রাহুল রায়।
রাহুল নব্বইয়ের দশকে নির্মাতা মহেশ ভাটের ‘আশিকি’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন। তার অভিনয় ভক্তদের মুগ্ধ করলেও পরে তিনি আর তার ক্যারিয়ার দীর্ঘ করতে পারেননি। তারকা খ্যাতি পাওয়ার পর নিজের বেপরোয়া জীবনের কারণে নির্মাতারা তার সঙ্গে আর কাজ করতে আগ্রহী হননি। এরপর একে একে সব কাজ থেকে ছিটকে যান বলিউডের সম্ভাবনাময় এই তারকা।
কারিনা কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুলকে তার প্রথম ক্রাশ দাবি করে অভিনেতাকে নতুন করে আলোচনায় নিয়ে এলেন। কারিনাকে সম্প্রতি ভারতের একটি জনপ্রিয় রিয়্যালিটি শোতে অতিথি হিসেবে উপস্থিত হতে দেখা যায়। ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’ নামে সেই শোর উপস্থাপক আকুল বালাজি ও রোহিনি দুজনই কারিনাকে দেখে বেশ উত্তেজিত হয়ে পড়েন। প্রশ্নের মাধ্যমে তারা বেবোর ব্যক্তিগত জীবনের নানা গল্প জানতে চান। একপর্যায়ে কারিনার কাছে তার প্রথম ভালোলাগা পুরুষ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে এর আগে আমি কখনও কথা বলিনি। কিন্তু আমার একজন ক্রাশ ছিলেন। তিনি নব্বইয়ের দশকের নায়ক। যাকে দেখে আমি অবাক হয়ে ভাবতাম মানুষ কীভাবে এত সুন্দর হয়! তিনি হলেন অভিনেতা রাহুল রয়। তার আশিকি সিনেমাটি শুধু তাকে দেখার জন্য টিভিতে আমি প্রায় চল্লিশবার দেখেছি। বিষয়টি হাস্যকর হলেও এটাই সত্যি।’ কারিনার সেই সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে।
এদিকে ২০২২ সালের সফলতার পর ২০২৩ সালেও বেশ সরব থাকবেন কারিনা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার একটি সিনেমা। সেখানে তার সঙ্গে বলিউডের দুই প্রজন্মের দুই তারকাকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। তারা হলেন অভিনেত্রী টাবু এবং এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ‘দ্য ক্রু’ নামের এই সিনেমায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে তিন অভিনেত্রীকে। সিনেমাটি পরিচালনা করবেন অনিল কাপুরকন্যা রেহা কাপুর। এ বছরের মাঝামাঝি মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।