প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১২:০৮ পিএম
একজন অভিনেতার অভিনয়জীবনে প্রতিটি নতুন চরিত্রই যেন নিজেকে নতুন করে আবিষ্কারের সুযোগ। কখনও একটি চরিত্র তাকে দর্শকের কাছে পরিচিত করে তোলে, কখনও আবার কোনো সিনেমা বদলে দেয় তার ক্যারিয়ারের গতিপথ। ঢালিউডের অভিনেতা শরিফুল রাজের পথচলাতেও রয়েছে এমন নানা বাঁক।
মডেলিং দিয়ে শুরু, এরপর বিজ্ঞাপন ও অভিনয়Ñ সব ক্ষেত্রেই ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। বিশেষ করে ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমার পর দর্শকের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছেন এই অভিনেতা। এবার নতুন এক নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমার নায়ক হিসেবে যুক্ত হলেন রাজ। নির্মাতা সৈয়দ শাকিলের প্রথম সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমাটির নাম ‘পরশ’।
সম্প্রতি সিনেমাটিতে অভিনয়ের জন্য নির্মাতা সৈয়দ শাকিলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন শরিফুল রাজ। গত ২৭ অক্টোবর রাতে সামাজিক মাধ্যমে রাজের সঙ্গে একটি ছবি প্রকাশ করে নতুন সিনেমার ঘোষণা দেন নির্মাতা। প্রকাশিত ছবিতে দুজনকে একসঙ্গে দেখা যায়। সিনেমাটি নির্মাণের মধ্য দিয়ে দীর্ঘদিনের নাটক ও ওয়েব ফিল্ম নির্মাণের অভিজ্ঞতার পর প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনায় আসছেন সৈয়দ শাকিল। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বর অথবা নতুন বছরের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সিনেমাটির গল্প ও অন্যান্য অভিনয় শিল্পী সম্পর্কে এখনও বিস্তারিত জানানো হয়নি। তবে নির্মাতা সৈয়দ শাকিল জানিয়েছেন, পারিবারিক আবেগ ও সামাজিক সম্পর্কের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করতে চান তিনি। একসময় পরিবারের সবাই একসঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখতেন। সেই সামাজিক সিনেমার আবহ ফিরিয়ে আনার পাশাপাশি দর্শকের আবেগ ছুঁয়ে যায়, এমন একটি গল্প পর্দায় তুলে ধরাই তার লক্ষ্য। রিভেঞ্জ ফিল্মস লিমিটেডের ব্যানারে নির্মিতব্য সিনেমাটি প্রযোজনা করছেন সোহানা সাদী, স্নিগ্ধা সাদী ও সারহান শাহরিয়ার সাদী সীমান্ত। দেশীয় প্রেক্ষাগৃহের পাশাপাশি বিদেশের সিনেমা হল, চলচ্চিত্র উৎসব ও ডিজিটাল প্লাটফর্মেও সিনেমাটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।
সৈয়দ শাকিল দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটক নির্মাণের সঙ্গে যুক্ত। তার নির্মিত ‘ছায়াবাজি’ ও ‘ইউএনও স্যার’ নামের দুটি ওয়েব ফিল্মও রয়েছে। এবার বড় পর্দার জন্য গল্প নির্মাণে মনোযোগী হয়েছেন তিনি। অন্যদিকে শরিফুল রাজের অভিনয়জীবনের শুরু ২০১৬ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে। এতে নাদিম চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর ২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করেন। ২০২১ সালে মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে আবির চরিত্রে অভিনয় করে তরুণ দর্শকের মধ্যে পরিচিতি পান।
তবে ২০২২ সাল ছিল রাজের অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। ওই বছর মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় রোমান চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। একই বছর মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমায় ইবা, গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় রমিজ এবং রায়হান রাফীর ‘দামাল’ সিনেমায় মুন্না চরিত্রে অভিনয় করেন। পরবর্তী সময়ে ‘রক্তজবা’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’ ও ‘ওমর’ সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা গেছে তাকে। ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমাতেও অভিনয় করেছেন রাজ। আর ২০২৬ সালে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় চিকিৎসক আশহাব চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন তিনি।
এবার সৈয়দ শাকিলের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রাজের চরিত্র কেমন হবে, গল্পের বাঁক কোন দিকে যাবেÑ এসব জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক বিস্তারিত ঘোষণার জন্য। তবে নির্মাতার প্রথম সিনেমায় রাজের যুক্ত হওয়া তার অভিনয়জীবনের নতুন একটি সংযোজন হতে যাচ্ছে।