প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৭:৩৬ পিএম
ভালোবাসার গল্প মানেই তরুণ-তরুণীর প্রেম কিংবা সম্পর্কের টানাপড়েন নয়। কখনও কখনও দীর্ঘ ৬৫ বছরের দাম্পত্য, একাকিত্ব আর প্রিয়জনের ফেরার অপেক্ষাও হয়ে উঠতে পারে অসাধারণ এক গল্পের উপাদান। তেমনই এক বয়স্ক দম্পতির জীবন ও নিঃসঙ্গতার গল্প নিয়ে নির্মিত হয়েছে ভারতীয় সিনেমা ‘পায়ার’।
মুক্তির অপেক্ষায় প্রায় দুই বছর পার করা ছবিটি একসময় পরিবেশক ও ওটিটি প্লাটফর্মের কাছ থেকে প্রত্যাখ্যাত হলেও এখন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে। পরিচালকের দাবি, ছবিটি ইতিমধ্যে জিতেছে ১৮টি আন্তর্জাতিক পুরস্কার।
বিনোদ কাপরি পরিচালিত ১১১ মিনিটের এই ছবির গল্প উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামকে ঘিরে। কাজের সন্ধানে তরুণরা একে একে গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছেন। ফলে জনবসতিপূর্ণ গ্রামগুলো ক্রমেই জনশূন্য হয়ে পড়ছে। এমন বাস্তবতায় একা হয়ে পড়েছেন ৬৫ বছরের দাম্পত্যজীবনে থাকা পদ্ম সিং ও তুলসী। তাদের একমাত্র ছেলে হারিয়া ২৮ বছর আগে কাজের সন্ধানে মুম্বাইয়ে গেছেন। এরপর থেকেই ছেলের ফেরার অপেক্ষায় দিন কাটছে তাদের।
পদ্ম সিং চরিত্রে অভিনয় করেছেন পরিচালকের চাচা পদ্ম সিং এবং তুলসীর ভূমিকায় রয়েছেন হীরা দেবী। ছবিতে উঠে এসেছে তাদের দৈনন্দিন জীবন, খুনসুটি, ছোটখাটো ঝগড়া এবং একে অপরের প্রতি নির্ভরতা। পাশাপাশি প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে চিকিৎসা ও যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা এবং বয়স্ক মানুষের নিঃসঙ্গতার চিত্রও তুলে ধরা হয়েছে।
২০১৮ সালে উত্তরাখণ্ডের মুন্সিয়ারিতে এক বৃদ্ধ দম্পতির সঙ্গে সাক্ষাতের পর ছবিটি নির্মাণের ভাবনা আসে বিনোদ কাপরির। তাদের পরস্পরের প্রতি নির্ভরতা ও মৃত্যুর পর একে অপরের দেখাশোনা নিয়ে দুশ্চিন্তা পরিচালককে গভীরভাবে প্রভাবিত করে।
২০২৪ সাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘পায়ার’। তবে পুরস্কার অর্জনের পরও প্রেক্ষাগৃহে মুক্তির জন্য পরিবেশক পাওয়া কঠিন হয়ে পড়ে। বিভিন্ন ওটিটি প্লাটফর্ম থেকেও প্রত্যাখ্যাত হয় ছবিটি। শেষ পর্যন্ত গত ৩০ অক্টোবর মাত্র ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। পরে দর্শকদের আগ্রহে প্রদর্শনীর সংখ্যাও বাড়ানো হয়।