× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিশা-অথৈর সদস্যপদ স্থগিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৩:৫০ পিএম

তিশা-অথৈর সদস্যপদ স্থগিত

শুটিং সেটে মারধরের অভিযোগ ঘিরে শুরু হওয়া বিরোধের অবসান হয়নি এখনো। বরং সেই বিরোধের জেরেই সাংগঠনিক শাস্তির মুখে পড়লেন ছোট পর্দার দুই অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈ। তাঁদের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। দুই অভিনেত্রীর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি বলে জানিয়েছে সংগঠনটি।

গত ৪ অক্টোবর তানজিন নাহার তিশা ও সামিয়া আক্তার অথৈর কাছে পাঠানো পৃথক চিঠিতে সদস্যপদ স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৭ জুলাই তাঁদের সদস্যপদ স্থগিতের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে দুই অভিনেত্রীর কেউই সেই নোটিশের লিখিত জবাব জমা দেননি।

অভিনয়শিল্পী সংঘের সালিস বা বিরোধ মীমাংসাকরণ কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় দুই অভিনেত্রীর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের প্রস্তাব গৃহীত হয়। চিঠিতে স্বাক্ষর করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।

এ বিষয়ে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু প্রথম আলোকে বলেন, দুই শিল্পীর মধ্যকার ভুল–বোঝাবুঝি দূর করে সমঝোতায় পৌঁছানোর জন্য সংগঠনের পক্ষ থেকে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল। তাঁদের বক্তব্য শোনা হয়েছে এবং সালিস কমিটির মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা করা হয়েছে। সালিস বৈঠকে দুই অভিনেত্রীকে ক্ষমা চেয়ে বিবৃতি ও ভিডিও বার্তা দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছিল। কিন্তু তাঁরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেননি। পরপর দুটি চিঠি পাঠানোর পরও কোনো সদুত্তর পাওয়া যায়নি। এমনকি ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। শেষ পর্যন্ত সালিস কমিটি তাঁদের সদস্যপদ স্থগিতের সুপারিশ করলে কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়।

যে ঘটনা থেকে বিরোধ

চলতি বছরের ৩ মার্চ মানিকগঞ্জে পরিচালক রাফাত মজুমদারের একটি নাটকের শুটিংয়ে তানজিন তিশা ও সামিয়া অথৈর মধ্যে বিরোধের সূত্রপাত। ওই দিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তিশার বিরুদ্ধে মারধর ও অপদস্থ করার অভিযোগ করেন সামিয়া। তাঁর দাবি, নাটকের একটি দৃশ্যে তিশাকে হালকা চড় দেওয়ার কথা ছিল। পরিচালকের নির্দেশনা অনুযায়ী তিনি অভিনয় করলেও পরবর্তী সময়ে তিশা তাঁকে একাধিকবার জোরে চড় মারেন। এতে তাঁর চোখ ও গাল ফুলে যায় এবং কথা বলতেও সমস্যা হয়। এ ছাড়া এর আগেও তিশার সঙ্গে ব্যক্তিগত বিরোধ ছিল বলে অভিযোগ করেন তিনি।

তবে সামিয়ার অভিযোগ অস্বীকার করেছিলেন তানজিন তিশা। তাঁর বক্তব্য ছিল, নাটকের চিত্রনাট্য ও চরিত্রের প্রয়োজনে দৃশ্যগুলো ধারণ করা হয়েছে। নাটকটিতে বিশেষ চাহিদাসম্পন্ন এক কিশোরীর চরিত্রে অভিনয় করছেন তিনি। চরিত্রটির আচরণের অংশ হিসেবেই অন্যকে আঘাত করা কিংবা কামড় দেওয়ার মতো দৃশ্য ছিল। ব্যক্তিগত আক্রোশ থেকে সামিয়াকে আঘাত করার কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিশা। নাটকটি মুক্তি পেলে দর্শকেরা পুরো বিষয়টি বুঝতে পারবেন বলে জানিয়েছিলেন তিনি।

অন্যদিকে পরিচালক রাফাত মজুমদারও ঘটনাটিকে ভুল–বোঝাবুঝি হিসেবে উল্লেখ করেছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, নাটকের দৃশ্যে দুই অভিনেত্রীরই পরস্পরকে চড় মারার কথা ছিল। অভিনয়ের সময় কোনো চড় জোরে লেগে যাওয়ার কারণে পরিস্থিতি জটিল হয়ে থাকতে পারে।

মীমাংসার উদ্যোগেও মেলেনি সমাধান

দুই অভিনেত্রীর পাল্টাপাল্টি অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরদিনই বিষয়টি নিয়ে বিবৃতি দেয় অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনটি জানায়, কোনো সদস্যের সঙ্গে পেশাগত বিরোধ বা মতবিরোধ তৈরি হলে তা সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা গণমাধ্যমে প্রকাশ না করে সাংগঠনিক কাঠামোর মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত। এ ধরনের আচরণ সংগঠনের আচরণবিধির পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।

একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করেছিল সংগঠনটি। এরপর দুই অভিনেত্রীর বিরোধ নিরসনে একাধিকবার আলোচনা ও সালিসের উদ্যোগ নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

উল্লেখ্য, দুই অভিনেত্রীর সদস্যপদ স্থগিতের চিঠিতে শুটিং সেটে মারধরের অভিযোগের সত্যতা নিয়ে আলাদা কোনো সিদ্ধান্তের কথা বলা হয়নি। বরং কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়া এবং সালিস বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুসরণ না করার বিষয়টিই সাংগঠনিক পদক্ষেপের ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ সিদ্ধান্তের বিষয়ে তানজিন তিশা ও সামিয়া অথৈর নতুন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁরা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন কি না, তা-ও এখনো জানা যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা