× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাত ব্যান্ডের সুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১২:৫৮ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬ ১৩:০০ পিএম

ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তার সাহাযে

ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তার সাহাযে

কনসার্ট-প্রেমীদের জন্য সুখবর। দীর্ঘদিন পর রাজধানীতে বড় পরিসরে উন্মুক্ত সংগীত আয়োজন হতে যাচ্ছে। এক মঞ্চে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ডের গান উপভোগের সুযোগ পাচ্ছে দর্শকরা। আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বসছে এই সংগীতের আসর। ‘কনসার্ট ফর সলিডারিটি’ শীর্ষক এ আয়োজনে অংশ নেবে দেশের জনপ্রিয় সাত ব্যান্ড।

কনসার্টটির আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সহযোগিতায় রয়েছে ব্যান্ডসংগীতের সংগঠন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। আর ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আয়োজনে গান পরিবেশন করবে নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। দেশের ব্যান্ডসংগীতের পরিচিত এই দলগুলোকে একই মঞ্চে পাওয়ার সুযোগ ঘিরে ইতিমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

কনসার্টের খবর জানিয়ে বামবার ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে। সেখানে আয়োজনটিকে ঘিরে লেখা হয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক ব্যান্ড, সাত ঘণ্টা পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংগীতের সুরে উদ্‌যাপিত হবে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন।’

বামবার এই পোস্ট একই সঙ্গে নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছে মাইলস, ফিডব্যাক, ওয়ারফেজ, শিরোনামহীন, আর্টসেল ও মেকানিক্স। অন্যদিকে নগর বাউল জেমসও তার ভক্তদের কনসার্টে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, দেখা হবে... জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, ৭ নভেম্বর, মানিক মিয়া অ্যাভিনিউয়ে।’

আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামীকাল বিকাল ৪টায় শুরু হবে কনসার্ট। সাত ব্যান্ডের পরিবেশনা চলবে প্রায় সাত ঘণ্টা। দর্শকদের জন্য প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে। অর্থাৎ কোনো টিকিট ছাড়াই উপভোগ করা যাবে এই আয়োজন।

সাম্প্রতিক সময়ে নিরাপত্তাজনিত কারণে একাধিক কনসার্ট স্থগিত হয়েছে। একই কারণে অনেক ক্ষেত্রে আয়োজন করা সম্ভব হয়নি উন্মুক্ত সংগীতানুষ্ঠান। এমন পরিস্থিতিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ের এই আয়োজন কনসার্ট-প্রেমীদের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। এখন অপেক্ষা সাত ব্যান্ডের পরিবেশনায় সংগীতের সুরে মুখর হয়ে ওঠা মানিক মিয়া অ্যাভিনিউ।

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা