প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১২:৫৭ পিএম
বাংলাদেশের ইতিহাস, সমাজ ও রাজনীতির নানা অজানা অধ্যায় নিয়ে দর্শকের আগ্রহ বরাবরই রয়েছে। বিশেষ করে সত্য ঘটনা ও রহস্যের মিশেলে নির্মিত গল্প পর্দায় নতুন মাত্রা যোগ করে। সেই ধারাবাহিকতায় আবারও আলোচনায় এসেছে সুকর্ণ শাহেদ ধীমান পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ ‘ফেউ’। প্রকাশ পেয়েছে সিরিজটির নতুন অফিসিয়াল পোস্টার। আর সেই পোস্টার ঘিরেই দর্শকের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল।
প্রকাশিত পোস্টারে দেখা গেছে, সিরিজটির বিভিন্ন চরিত্রের একাধিক মুখ। পোস্টারের ওপরের অংশজুড়ে রয়েছেন অভিনয়শিল্পীরা। তাদের মধ্যে রয়েছেন চঞ্চল চৌধুরী, মুস্তাফিজুর নূর ইমরান, রিজভী রিজু ও তারিক আনাম খানসহ অন্যরা। পোস্টারের নিচের অংশে নদী, বনভূমি এবং পানির মধ্যে ভেসে থাকা একটি বিশাল মুখোশের দৃশ্য রহস্যময় আবহ তৈরি করেছে। সব মিলিয়ে পোস্টারটি সিরিজটির গল্প ও নির্মাণ নিয়ে দর্শকের আগ্রহ বাড়িয়েছে।
সুকর্ণ শাহেদ ধীমানের পরিচালনায় নির্মিত ‘ফেউ’ সত্য ঘটনা ও রহস্য, রাজনীতির ওপর ভিত্তি করে তৈরি। সিরিজটির প্রথম সিজন মুক্তি পেয়েছিল ২০২৫ সালে। প্রথম সিজনের পর এবার দর্শকের সামনে আসছে ‘ফেউ : কমপ্লিট সাগা’। নামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকাশিত পোস্টারেও তুলে ধরা হয়েছে সিরিজটির সামগ্রিক আবহ। তবে গল্পের বিস্তারিত বিষয়ে এখনও নতুন কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সিরিজটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মুস্তাফিজুর নূর ইমরান, রিজভী রিজু ও তারিক আনাম খান। তাদের মতো অভিজ্ঞ অভিনয়শিল্পীদের উপস্থিতি সিরিজটিকে ঘিরে দর্শকের প্রত্যাশা বাড়িয়েছে। বিশেষ করে রহস্য ও রাজনীতির প্রেক্ষাপটে নির্মিত গল্পে শিল্পীদের অভিনয় কেমন হবে, তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।
চরকির অরিজিনাল সিরিজ হিসেবে ‘ফেউ’ মুক্তির পর থেকেই আলোচনায় ছিল। এবার নতুন পোস্টার প্রকাশের মধ্য দিয়ে মুক্তির ক্ষণগণনা শুরু হলো। আগামী ১২ নভেম্বর চরকিতে মুক্তি পাবে ‘ফেউ : কমপ্লিট সাগা’। প্রথম সিজনের পর গল্পটি এবার কোন দিকে এগোয়, তা জানতে অপেক্ষা করতে হবে মুক্তি হওয়া পর্যন্ত।