প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৭:০৩ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৬ ১৭:০৩ পিএম
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের দীর্ঘ অভিনয়জীবনে যুক্ত হয়েছে নানা দেশের অভিনয় শিল্পীর নাম। সময়ের সঙ্গে বদলেছে তার পর্দার জুটি, এসেছে নতুন মুখ, তৈরি হয়েছে নতুন সমীকরণ। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি অভিনয় শিল্পীদের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে পাকিস্তানের অভিনেত্রী ও মডেল কিনজা হাশমি।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে, পরিচালক হিমেল আশরাফের নতুন সিনেমা ‘মহব্বত’-এ শাকিব খানের বিপরীতে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন এই অভিনেত্রী। যদিও নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বিষয়টি ঘিরে দুই দেশের বিনোদন অঙ্গনে তৈরি হয়েছে কৌতূহল।

শাকিব খান, পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের নতুন সিনেমা ‘মহব্বত’ মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের ঈদুল আজহায়। গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই আলোচনার কেন্দ্রে ছিল শাকিবের বিপরীতে কে অভিনয় করছেন, তা নিয়ে। শুরুতে পাকিস্তানের কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর নাম শোনা যায়। তাদের মধ্যে ছিলেন হানিয়া আমির, সজল আলী, ইয়ামনা জায়েদি ও দুর-ই-ফিশান সেলিম। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, শেষ পর্যন্ত তাদের কাউকে নয়, বেছে নেওয়া হয়েছে কিনজা হাশমিকে। এরই মধ্যে তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
নায়িকা নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হলেও এ বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাইছে না প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। জানা গেছে, জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাকিবের নতুন নায়িকাকে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সেই রহস্যের আভাস মিলেছে ‘মহব্বত’-এর প্রথম পোস্টারেও। সেখানে শাকিবের পাশাপাশি দেখা গেছে লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা এক নারীর উপস্থিতি। তবে তার মুখ দেখানো হয়নি। ফলে পোস্টার প্রকাশের পর থেকেই নতুন নায়িকাকে নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।
পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ কিনজা হাশমি। ২০১৪ সালে অভিনয়ের মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করে অল্প সময়েই পরিচিতি পান দর্শকদের কাছে। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বিশেষভাবে আলোচনায় আসেন এই অভিনেত্রী। পরে ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো নাটকে অভিনয় করেছেন। টেলিছবি ‘রূপোশ’-এও দেখা গেছে তাকে। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন কিনজা। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’। অভিনয়ের বাইরে মডেলিংয়েও রয়েছে তার পরিচিতি। এবার ‘মহব্বত’-এর মাধ্যমে বাংলাদেশের সিনেমায় যুক্ত হলে আন্তর্জাতিক পরিসরে তার কাজের অভিজ্ঞতায় যোগ হবে নতুন মাত্রা।
অবশ্য শাকিব খানের বিপরীতে বিদেশি অভিনেত্রীর অভিনয় এবারই প্রথম নয়। এর আগে কলকাতার শ্রাবন্তী, পাওলি দাম, শুভশ্রী, স্বস্তিকা, সায়ন্তিকা, ইধিকা পাল, মিমি চক্রবর্তী ও দর্শনা বণিকের পাশাপাশি বলিউডের সৌনাল চৌহানসহ বিভিন্ন দেশের অভিনয়শিল্পীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। হিমেল আশরাফ ও আরশাদ আদনানের আগের দুই সিনেমাতেও ছিল ভিনদেশি নায়িকার উপস্থিতি। ‘প্রিয়তমা’য় শাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার ইধিকা পাল। সিনেমাটি মুক্তির পর বাংলাদেশের দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি। পরে কলকাতার জিৎ ও দেবের বিপরীতেও অভিনয় করেন ইধিকা। অন্যদিকে ‘রাজকুমার’ সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনয় শিল্পী কোর্টনি কফি।
শাকিব খানের ২৫৫টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি জুটি বেঁধেছেন অপু বিশ্বাসের সঙ্গে। ৭২টি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। দীর্ঘ এই পথচলায় এবার পাকিস্তানের একজন অভিনয় শিল্পীর নাম যুক্ত হওয়ার অপেক্ষা। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে ‘মহব্বত’-এর শুটিং। শুটিং শেষে ২০২৭ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।