প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৭:০০ পিএম
বক্স অফিসে কোনো সিনেমা বড় সাফল্য পেলে সাধারণত সেই ছবির অভিনয় শিল্পীদের ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়। একের পর এক নতুন কাজের প্রস্তাব আসে, বাড়ে পারিশ্রমিকের অঙ্কও। তবে সাফল্যের পরপরই নতুন সিনেমায় যুক্ত হওয়ার পথে হাঁটেননি বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বরং নিজের পছন্দের গল্পের অপেক্ষায় থেকেছেন তিনি। ‘স্ত্রী ২’ সিনেমার অভাবনীয় সাফল্যের পরও শুধু মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রলোভনে কোনো কাজে চুক্তিবদ্ধ হননি এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে নিজের ক্যারিয়ারের এই অভিজ্ঞতা তুলে ধরেছেন শ্রদ্ধা। সেখানে এক ভক্তের প্রশ্ন ছিল, তরুণীরা কীভাবে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারেন? উত্তরে নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই পরামর্শ দেন অভিনেত্রী।
শ্রদ্ধা জানান, ‘স্ত্রী ২’ মুক্তির পর তার কাছে অনেক সিনেমার প্রস্তাব এসেছিল। সেসব প্রস্তাবের সঙ্গে ছিল আকর্ষণীয় পারিশ্রমিকের আশ্বাসও। কিন্তু তিনি ঠিক করেছিলেন, মনের মতো গল্প না পাওয়া পর্যন্ত নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হবেন না। নিজের সিদ্ধান্তে অটল থেকে অপেক্ষা করেছেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, “আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলব, ‘স্ত্রী ২’-এর পর আমাকে অনেক সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল। ভালো পারিশ্রমিকের প্রস্তাবও পেয়েছি। কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম, নিখুঁত একটি গল্প না পাওয়া পর্যন্ত কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হবো না। আমার মন বলেছিল, এই ধৈর্য আমাকে ধরে রাখতে হবে। আমি সেটাই করেছি।”
অপেক্ষার সময়টা যে খুব সহজ ছিল না, সেটিও স্বীকার করেছেন শ্রদ্ধা। তবে এখন পেছনে ফিরে নিজের সিদ্ধান্ত নিয়ে গর্ববোধ করেন তিনি। তার মতে, মন থেকে কোনো কিছু চাইলে সেটির জন্য অপেক্ষা করা কঠিন হলেও নিজের সিদ্ধান্তের প্রতি বিশ্বাস রাখা জরুরি। ভক্তদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘আপনি মন থেকে কোনো কিছু চাইলে সেটার জন্য অপেক্ষা করা কঠিন হয়ে পড়ে। কিন্তু এখন মনে হয়, অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়ে আমি গর্বিত। তাই বলব, নিজের মনের কথা শুনুন। কখনও কখনও পথটা কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা সার্থক হয়।’