প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৩:২৬ পিএম
রহস্য আর অজানা আতঙ্কের জগতে দর্শকদের নিয়ে যেতে আবারও ভৌতিক গল্পে পর্দায় হাজির হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। নতুন সিনেমা ‘স্কেরি পিকচার’-এ দেখা যাবে তাকে। দক্ষিণি অভিনেতা ও প্রযোজক রানা দাগ্গুবতীর প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন তেলেগু নির্মাতা ও অভিনেতা রবি বাবু। এই সিনেমার মধ্য দিয়ে হিন্দি চলচ্চিত্রে নির্মাতা হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার।
সম্প্রতি হররকন আয়োজনে ছবিটির নাম ঘোষণা করেন রানা দাগ্গুবতী। তার ঘোষণার ভিডিওটি পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কঙ্গনা নিজেও ভিডিওটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। তবে ছবিতে নিজের চরিত্র কিংবা গল্পের ধরন নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
কঙ্গনার অভিনয়জীবনে ভৌতিক গল্পে অভিনয় অবশ্য নতুন নয়। এর আগে ‘রাজ : দ্য মিস্ট্রি কন্টিনিউজ’ সিনেমায় দেখা গেছে তাকে। পরে ‘চন্দ্রমুখী ২’ সিনেমাতেও ভয়, রহস্য ও প্রতিশোধের গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ফলে ‘স্কেরি পিকচার’ দিয়ে আবারও হরর ঘরানায় ফেরা তার অভিনয়জীবনের পরিচিত ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে।
বলিউডের পাশাপাশি দক্ষিণি সিনেমার সঙ্গেও কঙ্গনার রয়েছে পুরনো পরিচয়। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘এক নিরঞ্জন’ ছিল তার প্রথম তেলেগু সিনেমা। এতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর আবারও দক্ষিণি নির্মাতার সঙ্গে কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী। তবে এবার সিনেমার ভাষা হিন্দি।
অন্যদিকে ‘স্কেরি পিকচার’ রবি বাবুর জন্যও গুরুত্বপূর্ণ একটি কাজ। তেলেগু চলচ্চিত্রে হরর ঘরানায় নির্মাণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার হিন্দি দর্শকদের সামনে নিজের নির্মাণশৈলী তুলে ধরার সুযোগ পাচ্ছেন তিনি। নতুন এই ভৌতিক গল্পে কঙ্গনাকে কোন রূপে হাজির করেন নির্মাতা, তা জানতে অপেক্ষা করতে হবে ছবিটি মুক্তি পাওয়া পর্যন্ত।
এদিকে কঙ্গনাকে সর্বশেষ দেখা গেছে ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায়। ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় কামা অ্যান্ড আলব্লেস হাসপাতালে নার্স ও হাসপাতাকর্মীদের সাহসিকতা এবং আত্মত্যাগের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। এতে জ্যেষ্ঠ নার্স গীতা মাধব গান্ধারের চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা।