প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৩:৫৩ পিএম
অভিনয় ও সংগীতের জগতে নিজ নিজ প্রতিভায় দর্শক-শ্রোতার মন জয় করেছেন তাহসান খান ও মেহজাবীন চৌধুরী। একসময় টেলিভিশন নাটকে নিয়মিত দেখা গেলেও বর্তমানে কাজের ধরনে পরিবর্তন এনেছেন দুজনই। এবার শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় রিয়ালিটি শো ‘মার্কস অলরাউন্ডার’-এর বিচারকের আসনে দেখা যাবে এই দুই তারকাকে।
গতকাল অনুষ্ঠানটির স্টুডিও রাউন্ডের শুটিংয়ে উপস্থিত ছিলেন তাহসান ও মেহজাবীন। প্রতিযোগীদের পরিবেশনা উপভোগ করার পাশাপাশি তাদের প্রতিভা মূল্যায়ন করবেন এই দুই তারকা শিল্পী।
অনুষ্ঠান-সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, স্টুডিও রাউন্ডে প্রতিযোগীদের পারফরম্যান্স বিচার করবেন তাহসান ও মেহজাবীন। গত ৩০ অক্টোবর থেকে এনটিভিতে শুরু হয়েছে ‘মার্কস অলরাউন্ডার’-এর চূড়ান্ত পর্বের সম্প্রচার। প্রতি শুক্র ও সোমবার রাত সাড়ে ৯টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। এর প্রথম পর্ব উপস্থাপনা করছেন রাফসান সাবাব ও সুনেরাহ বিনতে কামাল।
প্রায় এক বছর ধরে চলা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় তিন লাখ শিশু-কিশোর। ১০০টি আঞ্চলিক পর্বের মধ্য দিয়ে শুরু হওয়া প্রতিযোগিতাটি বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বাছাই শেষে পৌঁছেছে চূড়ান্ত পর্বে। গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতাসহ সাতটি বিষয়ে নিজেদের প্রতিভা তুলে ধরছে প্রতিযোগীরা। বয়সভিত্তিক তিনটি গ্রুপ থেকে নির্বাচিত হবে তিনজন সেরা অলরাউন্ডার। প্রত্যেক বিজয়ী পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। সব মিলিয়ে বিভিন্ন গ্রুপের বিজয়ীদের জন্য থাকছে পদকসহ মোট এক কোটি টাকার শিক্ষাবৃত্তি।
এদিকে অভিনয় থেকে বিরতি নেওয়ার পর এবং নতুন গান প্রকাশ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর উপস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন তাহসান। সর্বশেষ আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্টের বাংলাদেশ পর্ব ‘ভয়েস অব বাংলাদেশ’-এর সঞ্চালক ছিলেন তিনি। অন্যদিকে টিভি নাটকের ব্যস্ততা কমিয়ে সিনেমা ও ওটিটির কাজে মনোযোগী হয়েছেন মেহজাবীন চৌধুরী।