× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফারিয়ার নতুন শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৩:৪৮ পিএম

ফারিয়ার নতুন শুরু

অভিনয়, সংগীত কিংবা উপস্থাপনা-বিনোদনজগতের নানা ক্ষেত্রে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন নুসরাত ফারিয়া। পর্দায় গ্ল্যামারাস উপস্থিতি আর ব্যক্তিত্ব দিয়ে দর্শকের মন জয় করা এই অভিনেত্রী এবার ভক্তদের আরও কাছাকাছি আসতে চান। কাজের বাইরের জীবনে তিনি কেমন, কীভাবে কাটে তার প্রতিদিনের সময়Ñ সেসব গল্প এবার তুলে ধরবেন নিজের ইউটিউব চ্যানেলে। ভক্তদের আগ্রহ থেকেই নতুন এই উদ্যোগ নিয়েছেন ফারিয়া। সেখানে নিয়মিত ব্লগের পাশাপাশি প্রকাশ পাবে তার নতুন গানও।

কয়েক দিন আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারীদের কাছে জানতে চেয়েছিলেন, তারা ফারিয়ার প্রতিদিনের জীবনযাত্রা নিয়ে ব্লগ দেখতে চান কি না। ভক্তদের প্রায় সবাই তার এই উদ্যোগের প্রতি আগ্রহ প্রকাশ করেন। সেই সাড়া পেয়ে সম্প্রতি ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। বিষয়টি নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

ইউটিউব চ্যানেল চালু করা প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘ইউটিউব চ্যানেল খোলার অন্যতম কারণ হলো নিজের জীবন নিয়ে ব্লগ তৈরি করা। কয়েক দিন আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলামÑ আপনারা কি চান আমার প্রতিদিনের জীবন নিয়ে ব্লগ তৈরি করি। সেখানে ৯৯ ভাগ মানুষ আমাকে সমর্থন দিয়েছেন। মূলত এই কারণে ইউটিউব চ্যানেল চালু করা। মিডিয়ার চাকচিক্যের বাইরে আমার জীবনটা যে সাধারণÑ সেটাই ব্লগে মানুষকে দেখাতে চাই। এ ছাড়া আমি যেহেতু নিয়মিত গান করছি, ভবিষ্যতে নিজের চ্যানেলেই গান প্রকাশের ইচ্ছা আছে। এখানে গানও প্রকাশ পাবে, ব্লগও প্রকাশ পাবে।’

ভবিষ্যতে প্রযোজনায় আসার বিষয়ে ফারিয়া বলেন, ‘প্রযোজনা নিয়ে এই মুহূর্তে কোনো ভাবনা নেই। আমার মনে হয়, আমি এখন যে কাজে আছি, সেখানেই ঠিক আছি।’

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। বর্তমানে তার ব্যস্ততা ‘লজ্জা’ সিনেমার শুটিং নিয়ে। ইতিমধ্যে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ করেছেন তিনি। আগামী ২৫ নভেম্বর থেকে আবারও শুটিংয়ে অংশ নেবেন ফারিয়া। সিনেমাটিতে ঠিক কী ধরনের চরিত্রে দেখা যাবে তাকে, তা পুরোপুরি খোলাসা করেননি। তবে আভাস দিয়েছেন, একজন পুলিশ কর্মকর্তা কিংবা কমান্ডো ঘরানার চ্যালেঞ্জিং চরিত্রে দর্শকের সামনে হাজির হতে পারেন তিনি। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন এম এইচ খোকন।

সম্প্রতি মেহেদী হাসান হৃদয়ের ‘লাপাত্তা’ নামের ওয়েব ফিল্মের শুটিংও শেষ করেছেন ফারিয়া। ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের জন্য নির্মিত এই সিনেমা নিয়ে বেশ আশাবাদী তিনি। ফারিয়া বলেন, ‘লাপাত্তা নিয়ে আমি খুব এক্সাইটেড। দারুণ একটি গল্প দেখতে পারবে দর্শক। আশা করছি, সবাই উপভোগ করবেন। শিগগিরই সিনেমাটির একটি প্রমোশনাল গানের শুটিং করব। এর পরই ঘোষণা করা হবে মুক্তির তারিখ।’

এ ছাড়া বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তির কথা সরকারি অনুদানে নির্মিত ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাটি। অনম বিশ্বাস পরিচালিত এই সিনেমার শুটিং হয়েছে বেশ আগে। এতে দর্শক তাকে ভিন্ন রূপে দেখতে পাবেন বলে আশা করছেন ফারিয়া।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা