প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৩:৪২ পিএম
ছোটপর্দার জনপ্রিয়তা পেরিয়ে বড়পর্দাতেও নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার। বিশেষ করে ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শকের কাছে পরিচিতি পান তিনি। বাংলাদেশেও রয়েছে তার উল্লেখযোগ্য ভক্ত-অনুরাগী। সেই জনপ্রিয়তার সুবাদে ঢাকাই চলচ্চিত্রে অভিষেকের খবরেও তৈরি হয়েছিল বাড়তি আগ্রহ।
তবে শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’ থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। জানা গেছে, পরিচালকের সঙ্গে মনোমালিন্যের কারণেই শুটিং শুরুর আগেই সিনেমাটি থেকে বেরিয়ে গেছেন তিনি।
মধুমিতাকে সিনেমাটির নাম ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছিল। এটি হতে যাচ্ছিল ঢাকাই চলচ্চিত্রে তার প্রথম কাজ। সিনেমাটিকে ঘিরে বেশ উচ্ছ্বসিতও ছিলেন অভিনেত্রী। গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় কাজটিতে যুক্ত হয়েছিলেন তিনি। এমনকি সিনেমার মহরত অনুষ্ঠানেও অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন মধুমিতা। গত ১ আগস্ট ঢাকার একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় ‘গুলশানের চামেলি’-এর মহরত। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী নিজেও। তার এই বাংলাদেশ সফর ঘিরেও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল।
মধুমিতার পরিচিতির বড় একটি অংশজুড়ে রয়েছে ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি চরিত্রটি। এ ছাড়া ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত ‘মেঘবালিকা’ নাটকে মোশাররফ করিমের বিপরীতেও অভিনয় করেছিলেন তিনি। তবে বাংলাদেশের সিনেমায় কাজের মাধ্যমে নতুনভাবে দর্শকদের সামনে আসার কথা ছিল তার।
‘গুলশানের চামেলি’ সিনেমাটি নির্মিত হচ্ছে পরিচালক মোহাম্মদ ইকবালের পরিচালনায়। রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতা নিয়ে সিনেমাটির গল্প সাজানো হয়েছে। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এতে একজন যৌনকর্মীর জীবনসংগ্রাম তুলে ধরার পরিকল্পনা রয়েছে। মধুমিতার সরে দাঁড়ানোর খবরে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে এখন কাকে দেখা যাবে, তা নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।