প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১২:০১ পিএম
অভিনয়ের সাবলীলতা, প্রাণবন্ত অভিব্যক্তি আর পর্দায় স্বতন্ত্র উপস্থিতিÑ সব মিলিয়ে দর্শকের কাছে পরিচিত মুখ পারসা ইভানা। নাটক ও ওটিটি প্লাটফর্মে কাজের মধ্য দিয়ে নিজের অভিনয়শৈলীর পরিচয় দিয়েছেন তিনি। বিশেষ করে জনপ্রিয় নাটক সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ইভা চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পান এই অভিনেত্রী।
এরপর বিভিন্ন একক নাটক, টেলিফিল্ম ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন। তবে অভিনয়জীবনের ব্যস্ততার বাইরে ইভানার ভবিষ্যৎ পরিকল্পনা শুনলে অবাক হতে পারেন অনেকেই। কারণ বিয়ে নয়, বরং নিজের মতো করে জীবন কাটানোর স্বপ্ন দেখছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ইভানা জানিয়েছেন, ভবিষ্যতে বিয়ে করার কোনো ইচ্ছা নেই তার। ব্যক্তিগত জীবন নিয়ে এমন মন্তব্যের পর থেকেই তাকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। সাধারণত তারকাদের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ থাকে বেশি। সেখানে ইভানার এমন সিদ্ধান্ত অনেকের কাছেই নতুন করে কৌতূহল তৈরি করেছে।
অভিনয়ের ব্যস্ততা থেকে একসময় নিজেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে ইভানার। ভবিষ্যতে দূর কোনো পাহাড়ে চলে যেতে চান তিনি। সেখানে প্রকৃতির কাছাকাছি নিজের মতো করে সময় কাটানোর পাশাপাশি একটি কফি শপ দেওয়ার স্বপ্নও রয়েছে তার।
কাজের ব্যস্ততা, শহরের যান্ত্রিক জীবন আর প্রতিদিনের ছুটে চলার বাইরে এক শান্ত জীবনের স্বপ্ন দেখেন অভিনেত্রী। পাহাড়ি পরিবেশে নিজের পছন্দের কাজ নিয়ে সময় কাটানো, কফি শপ পরিচালনা আর নিরিবিলি জীবনযাপনÑ এমনই পরিকল্পনা তার।
ইভানার এই ভাবনা যেন প্রচলিত জীবনের ছক থেকে বেরিয়ে নিজের পছন্দকে গুরুত্ব দেওয়ারই প্রতিফলন। অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা পাওয়া এই অভিনেত্রী ভবিষ্যতে কোন পথে হাঁটবেন, তা সময়ই বলে দেবে। তবে আপাতত তার স্বপ্নের তালিকায় বিয়ের চেয়ে পাহাড়ের কফি শপই বেশি জায়গা করে নিয়েছে।