প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১১:৫৯ এএম
দীর্ঘ বিরতি শেষে আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতার কারণে প্রায় ৯ মাস অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। কঠিন সময় পেরিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে এবার কাজে ফিরেছেন এই অভিনেত্রী। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মধ্য দিয়ে তার এই প্রত্যাবর্তন। নাটকটিতে গল্পের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি শেষ হয়েছে নাটকটির দৃশ্যধারণের কাজ।
‘অংশীদার’ নাটকে তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করেছেন ডলি জহুর, ফজলুর রহমান বাবুসহ আরও আট-নয়জন অভিনয়শিল্পী। নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। পরিচালক ইকসান রনি জানান, এটি মূলত সমাজের একটি বাস্তব চিত্র। নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প তুলে ধরা হয়েছে এতে।
তানিয়া বৃষ্টি বলেন, “এই একই পরিচালকের ‘বাবাও মানুষ’ নামের একটি নাটকে অভিনয় করেছিলাম। খুব ভালো সাড়া ফেলেছিল নাটকটি। ‘অংশীদার’ মূলত সম্পত্তির অধিকার আদায়ে এক নারীর অদম্য লড়াইয়ের গল্প। এটা সত্যি যে আমাদের সমাজে আজও শুধু কন্যা সন্তান থাকা পরিবারগুলোকে নানা সামাজিক ও পারিবারিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে বাবার মুত্যুর পর পৈতৃক সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত করার অপচেষ্টা অনেক ক্ষেত্রেই দেখা যায়। ধন্যবাদ পরিচালক ইকসান রনিসহ শ্রদ্ধেয় ডলি জহুর মা ও শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাইকে। মহান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা, কিছুটা সুস্থ হয়ে আমি আমার পেশাগত কাজে ফিরতে পেরেছি। আল্লাহ যেন আমাকে পুরোপুরি সুস্থ করে দেন সেই দোয়াই চাই সবার কাছে।”
নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি হয়তো না-ও ফিরতে পারতাম, এমন শারীরিক অবস্থা ছিল। এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা হয়তো কেউ কেউ চান না আমি নাটক করি। এটা আপনাদের উপদেশ। কিন্তু অনেকেই আছেন সব সময়ই চান আমি নাটকে ফিরি। তারা কিন্তু আমাকে ভালোবাসেন। দীর্ঘ এই সময়ে আমার পাশে ছিলেন, তারা আমাকে সম্মান দেন, আমাকে সাপোর্ট করেন। তাদের জন্যই অভিনয়ে ফিরেছি। এ ছাড়া আমি নিজেও এই অভিনয় জগৎকে খুব মিস করতাম।’