প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ১৭:৪৫ পিএম
সামাজিক মাধ্যমে নিজের সৌন্দর্য ও ব্যক্তিত্বের কারণে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী জয়া আহসান। কখনও নতুন সাজে, কখনও কাজের ফাঁকে কাটানো মুহূর্তের ছবি দিয়ে ভক্তদের নজর কাড়েন তিনি। এবার অবশ্য রূপের প্রশংসা নয়, বরং মজার এক আমন্ত্রণ জানিয়ে নেটিজেনদের আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ভক্তদের সঙ্গে কফি পানের ইচ্ছা প্রকাশ করেছেন জয়া।
তবে সেই আমন্ত্রণের সঙ্গে জুড়ে দিয়েছেন একটি শর্ত। তার সঙ্গে কফি খেতে চাইলে বিল পরিশোধ করতে হবে আমন্ত্রণপ্রত্যাশীকেই।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে কফি পানের কয়েকটি মুহূর্তের ছবি প্রকাশ করে এমন মজার আমন্ত্রণ জানান জয়া আহসান। ছবির সঙ্গে দেওয়া তার বার্তায় ছিল রসবোধের ছাপ। আমন্ত্রণের সঙ্গী হিসেবে জয়া নিজে থাকলেও কফির বিলের দায়িত্ব নিতে হবে ভক্তকেই। অভিনেত্রীর এমন খুনসুটিপূর্ণ বার্তা প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন তার অনুরাগীরা।
প্রকাশিত ছবিগুলোতে সাদা রঙের স্নিগ্ধ পোশাকে দেখা গেছে জয়াকে। ক্যাজুয়াল সাজেও তার উপস্থিতিতে ছিল স্বাভাবিক সৌন্দর্য ও আভিজাত্যের ছাপ। কখনও কফির কাপ ঠোঁটের কাছে তুলে মৃদু হাসিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন, আবার কখনও সরাসরি তাকিয়েছেন লেন্সের দিকে। ছবিগুলোতে ধরা পড়েছে অবসরযাপনের এক স্বতঃস্ফূর্ত মুহূর্ত।
জয়ার এই আমন্ত্রণ ঘিরে সামাজিক মাধ্যমে ভক্তদের মন্তব্যেও দেখা গেছে মজার সব প্রতিক্রিয়া। কেউ কফির বিল দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, কেউ আবার প্রিয় অভিনেত্রীর সঙ্গে এক কাপ কফি পানের সুযোগকেই বড় প্রাপ্তি হিসেবে দেখছেন। অনেকের মন্তব্য, জয়ার মতো একজন তারকার সঙ্গে সময় কাটানোর সুযোগ পেলে কফির বিল পরিশোধ করা কোনো বিষয়ই নয়।
অভিনয় ও ব্যক্তিত্বের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিজের স্বতন্ত্র উপস্থিতি ধরে রেখেছেন জয়া আহসান। মাঝেমধ্যে তার এমন মজার বার্তা ও ব্যক্তিগত মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে তৈরি করে ভিন্ন ধরনের যোগাযোগ। এবারও ব্যতিক্রম হয়নি। কফির আমন্ত্রণে বিল দেওয়ার শর্ত জুড়ে দিয়ে ভক্তদের সঙ্গে মজার এক কথোপকথনের উপলক্ষ তৈরি করেছেন তিনি।