প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৭:১৪ পিএম
বলিউড বাদশাহ শাহরুখ খান মানেই পর্দায় নতুন চমক আর তার আসন্ন সিনেমা ‘কিং’ ঘিরে সেই প্রত্যাশা আরও বেড়েছে। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির নতুন পোস্টার প্রকাশের পর ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে পোস্টারের সঙ্গে প্রকাশিত ক্যাপশন নজর কেড়েছে দর্শকের।
শাহরুখের পুরনো সিনেমা ‘বাদশাহ’র জনপ্রিয় গানের সঙ্গে ক্যাপশনের মিল খুঁজে পাচ্ছেন অনেকে। ফলে নতুন সিনেমার প্রচারে পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনার বিষয়টিও আলোচনায় এসেছে।
মঙ্গলবার সকালে ‘কিং’ সিনেমায় শাহরুখের নতুন পোস্টার প্রকাশ করেন নির্মাতারা। পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছেÑ ‘কাতিল নেহি আশিক হ্যায়।’ বাংলায় যার অর্থ ‘খুনি নন, প্রেমিক’। এই কথাগুলো মনে করিয়ে দিয়েছে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া শাহরুখ অভিনীত ‘বাদশাহ’ সিনেমার নামসংগীতের কথা। গানটিতে ছিলÑ ‘আশিক হুঁ ম্যায়, কাতিল ভি হুঁ’, অর্থাৎ ‘আমি প্রেমিক, আবার খুনিও’। নতুন পোস্টারের ক্যাপশনে পুরনো গানের কথার ভিন্ন প্রয়োগ দেখে নস্টালজিয়ার ছোঁয়া খুঁজে পাচ্ছেন ভক্তরা।
গত বছরের নভেম্বরে ‘কিং’ সিনেমার নাম ঘোষণার ভিডিও প্রকাশ করা হয়েছিল। সেই ভিডিওতে শাহরুখকে দেখা যায় শক্তিশালী ও ভয়ংকর এক চরিত্রে। সেখানে তার সংলাপ ছিলÑ ‘শত দেশে বদনাম, দুনিয়া দিয়েছে শুধু একটাই নাম কিং।’ সংলাপ ও চরিত্রের উপস্থাপনা থেকেই সিনেমাটিতে তার ভিন্নধর্মী উপস্থিতির আভাস পাওয়া যায়।
এক অনুষ্ঠানে নিজের চরিত্র প্রসঙ্গে শাহরুখ জানিয়েছিলেন, কিং সিনেমায় তাকে অন্ধকার ও ধূসর বৈশিষ্ট্যের একটি চরিত্রে দেখা যাবে। চরিত্রটি নির্মম, এমনকি মানুষ হত্যাও করে। শাহরুখের মতে, গল্পের প্রয়োজনে নায়কদেরও ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করা উচিত। ফলে সিনেমাটিতে তার অভিনীত চরিত্রের ধরন নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখের পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি ও রাঘব জুয়েল। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।