নিজ বাসভবনে মারা গেছেন জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’র প্রযোজক বি পি সিং। ছবি: ইনস্টাগ্রাম
ভারতের জনপ্রিয় অপরাধ তদন্তভিত্তিক ধারাবাহিক ‘সিআইডি’ ও ভৌতিক ধারাবাহিক ‘আহট’–এর স্রষ্টা, প্রযোজক ও পরিচালক বি পি সিং মারা গেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মুম্বাইয়ে নিজ বাসভবনে তার মৃত্যু হয়।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বয়সজনিত নানা শারীরিক জটিলতায় কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বি পি সিং। নিজ বাসায় ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়। পরে মুম্বাইয়ের সান্তাক্রুজের সুরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
‘সিআইডি’ ধারাবাহিকে ‘দয়া’ চরিত্রে অভিনয় করা দয়ানন্দ শেঠি ইন্ডিয়া টুডেকে বি পি সিংয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্মাতার এমন মৃত্যুতে পুরো ‘সিআইডি’ দল গভীর ধাক্কা খেয়েছে। শেঠি আরও জানান, পরিবারের পক্ষ থেকে শেষকৃত্যের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা মঙ্গলবার সন্ধ্যায় অথবা বুধবার সকালে সম্পন্ন হতে পারে।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বি পি সিংয়ের কাজের প্রতি একাগ্রতার কথা স্মরণ করে দয়ানন্দ শেঠি বলেন, “কনটেন্ট তৈরি ছাড়া বি পি সিংজির আর কোনো জীবন ছিল না। তিনি নিজের কাজের প্রতি অত্যন্ত নিবেদিত ও ভীষণ আবেগপ্রবণ ছিলেন। তা ছাড়া আমাদের দেখা অন্যতম সেরা চিত্রগ্রাহকদের (ক্যামেরাম্যান) একজনও ছিলেন তিনি।”
বি পি সিংয়ের প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ভোরে তীব্র হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছেন এই গুণী প্রযোজক-পরিচালক।
শোক প্রকাশ করে অশোক পণ্ডিত লিখেছেন, “আজ ভোরে তীব্র হার্ট অ্যাটাকে দক্ষ প্রযোজক ও পরিচালক বি পি সিংজির মৃত্যুর খবরটি শুনে ভীষণ ব্যথিত হলাম। তিনি ছিলেন একজন মেধাবী নির্মাতা, যিনি “সিআইডি” এবং “আহট”–এর মতো ক্রাইম শো দিয়ে পুরো দেশকে মুগ্ধ করেছিলেন। তার কাজ এখনো অনুপ্রেরণা এবং আগামী প্রজন্মের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে।” একটি সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় বি পি সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করার স্মৃতিও উল্লেখ করেন তিনি।
ভারতীয় টেলিভিশন অঙ্গনে অপরাধ তদন্তভিত্তিক নাটকের ক্ষেত্রে বি পি সিং ছিলেন এক বিশিষ্ট নাম। ভারতের অন্যতম দীর্ঘস্থায়ী ধারাবাহিক ‘সিআইডি’র স্রষ্টা ছিলেন তিনি। অভিনব তদন্ত প্রক্রিয়া, স্মরণীয় চরিত্রসমূহ এবং মামলা সমাধানের নিজস্ব ধাঁচের জন্য ধারাবাহিকটি দর্শকদের মাঝে তুমুল জনপ্রিয়তা পায়। পাশাপাশি অতিপ্রাকৃতিক গল্পের জনপ্রিয় ভৌতিক ধারাবাহিক ‘আহট’–এর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। মূল সম্প্রচার শেষ হওয়ার পরও দীর্ঘ বছর ধরে ভারতীয় দর্শকদের কাছে ‘সিআইডি’র গ্রহণযোগ্যতা বি পি সিংকে টেলিভিশনের এক অবিচ্ছেদ্য ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করে।