× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুখোমুখি সালমান-ঐশ্বরিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ১৫:৪০ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩ ১৯:১৮ পিএম

মুখোমুখি সালমান-ঐশ্বরিয়া

বলিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় জুটি সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। সে সময় সিনেমা ও নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরই থাকতেন খবরের শিরোনামে। এরপর নিজেদের প্রেমের সম্পর্কে টান পড়লে একে অন্যের চেহারা দেখাই বন্ধ করে দেন। অসম্মতি জানান পরস্পরের সঙ্গে অভিনয় করতে।

এবার নিজেদের সিনেমা নিয়ে একে অন্যের মুখোমুখি হচ্ছেন তারা। দীর্ঘদিন বাদে সালমান ও ঐশ্বরিয়ার সিনেমা একই মাসে মুক্তি পেতে যাচ্ছে। সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ এপ্রিলের ২১ আর ঐশ্বরিয়ার ‘পোন্নিইন সেলভান ২’ ২৮ এপ্রিল মুক্তি পাবে।

সালমান-ঐশ্বরিয়ার এ যুদ্ধ নিয়ে বেশ উত্তেজিত বলিউডপাড়া। অনেকের মতে, বিগ বাজেটের এ দুটি সিনেমার মাধ্যমে বলিউডে আবারও সুদিন ফিরে আসবে, ভক্তরাও হলে ফিরবেন।

ইতোমধ্যে দুটি সিনেমার টিজারই প্রকাশিত হয়েছে। সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার এক মিনিটের টিজার ভক্তদের মন জয় করেছে। যেখানে শুরুতেই দেখা যায় সালমান একটি বাইকে চরে পাহাড়ঘেঁষা মরুপথ দিয়ে যাচ্ছেন। এরপর দেখা যায় অগ্নিকাণ্ড, চারদিকে হাহাকার, উত্তেজনা ও মানুষের ছোটাছুটি। টিজারের মাঝপথে সালমানের নতুন লুক প্রকাশিত হয়। নতুনরূপে বলিউড ভাইজান ভক্তদের মন জয় করেন। চোখে কালো চশমা, কানে দুল ও লম্বা চুলে এ যেন নতুন এক সালমানকে দেখতে পান ভক্তরা। এবার সিনেমা মুক্তির দিন নিয়ে অপেক্ষায় আছেন তারা।

এদিকে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় শুধু অভিনেতা নন, প্রযোজকের ভূমিকায়ও রয়েছেন সালমান। ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় সালমান ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগুবাতি প্রমুখ। টিজার দেখেই সবার ধারণা হয়ে গেছে, আরেকটি মারমার-কাটকাট অ্যাকশন সিনেমা উপহার দিতে যাচ্ছেন বলিউডের এই সুলতান।

অন্যদিকে সালমানের সিনেমা মুক্তির মাসেই মুক্তি পাবে তার সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাই বচ্চনের ‘পোন্নিইন সেলভান ২’। সিনেমার প্রথম পর্ব দর্শকদের কাছ থেকে বেশ সাড়া পায়। বলিউড বক্স অফিসেও ব্যবসা করে। এরই ধারাবাহিকতায় নতুন পর্বটি নিয়ে বেশ আশাবাদী পরিচালকসহ সবাই। তাই সালমানের সিনেমা মুক্তির সাত দিনের মাথায় ২৮ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে ঐশ্বরিয়ার সিনেমাটিও। তাই দুজনের এ সিনেমাটিক যুদ্ধে কে জয়ী হবেন, তা সময়ই বলে দেবে।

চোল বংশের প্রেক্ষাপটে লেখা কালকি কৃষ্ণামূর্তির বিখ্যাত উপন্যাস অবলম্বনে পরিচালক মণিরত্নম ২০২২ সালে প্রথম ‘পোন্নিইন সেলভান’ তৈরি করেন। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী ঐশ্বরিয়াকে। এ ছাড়া আরও অভিনয় করবেন বিক্রম, ঐশ্বরিয়া লক্ষ্মী, তৃষ্ণা, কার্থী ও সবিথা দুলিপার মতো তারকা।







শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা