শাড়িকাণ্ড
অভিনেত্রী তানজিন তিশা।
শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে করা মামলার বাদীকে পুনরায় হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা হয়েছে।
এ মামলায় আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরী সোমবার এ মামলা করেন।
বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ আমলে নিয়ে আদালত তানজিন তিশাকে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ দেন। বাদীর আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৯ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় তানজিন নাহার তিশার বিরুদ্ধে মামলা করেন সানায়া আনাম। ওই মামলা করার পর থেকে তানজিন তিশা মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন সময়ে চাপ ও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
বাদীর অভিযোগ, ওই বছরের ৭ নভেম্বর মোবাইল ফোনে তাকে হুমকি দিয়ে বলা হয়, “আমি যদি তোমার পিছনে লাগি, তুমি কিন্তু বাঁচবা না...”। এ সময় তাকে বিভিন্ন অকথ্য ভাষায় হেনস্তা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনের বিরুদ্ধে গত ২৫ অক্টোবর নারাজি দেন বাদী। আদালত নারাজি মঞ্জুর করে প্রতিবেদনটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।
সানায়ার অভিযোগ, তদন্ত প্রতিবেদন দাখিলের পর আসামিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। অজ্ঞাত ব্যক্তিদের পাঠিয়ে মামলা তুলে নিতে চাপ দেওয়া হয় এবং দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেওয়া হয়। নিরাপত্তাহীনতায় ভুগে এবং থানা কর্তৃপক্ষের পরামর্শে ন্যায়বিচারের আশায় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে নতুন মামলাটি করেন।
এর আগে ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি ফেরত না দেওয়া, প্রতারণা ও হুমকির অভিযোগে মামলা করেছিলেন ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। মামলাটি আমলে নিয়ে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
অভিযোগ অনুযায়ী, গুলশানের ১২৭ নম্বর সড়কে সানায়ার ফ্যাশন হাউজ ও স্টুডিও রয়েছে। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তানজিন তিশা তার কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন। অনুষ্ঠান শেষে পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন সানায়া।
শাড়িটি ফেরত চেয়ে ১৫ ডিসেম্বর ফেসবুক মেসেঞ্জারে বার্তা পাঠানোর পর তানজিন তিশা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে মামলায় উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও শাড়িটি ফেরত চান সানায়া।
এ ছাড়া মামলা করা ও সামাজিকভাবে হেয় করার হুমকি দেওয়ার অভিযোগে ১২ নভেম্বর গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।
তবে গত ২৫ মে পিবিআইয়ের উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে আদালতে প্রতিবেদন জমা দিয়েছিলেন।