প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৩:৪১ পিএম
বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে পাঁচ দশকের পথচলা মানে শুধু সময়ের হিসাব নয়, বরং অসংখ্য গান, স্মৃতি আর প্রজন্মের আবেগকে ধারণ করে এগিয়ে চলা। দীর্ঘ এই পথচলায় নিজেদের স্বতন্ত্র সংগীতধারা দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাক। ১৯৭৭ সালের অক্টোবরে যাত্রা শুরু করা ব্যান্ডটি এবার পা রাখল প্রতিষ্ঠার ৫০তম বছরে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী কনসার্টসহ নানা আয়োজনের পরিকল্পনা করেছে ব্যান্ডটি।
শনিবার এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের কথা জানান ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্য ও কি-বোর্ডশিল্পী ফুয়াদ নাসের বাবু। তিনি বলেন, একটি ব্যান্ডের পাঁচ দশক ধরে শ্রোতাদের হৃদয়ে টিকে থাকা সত্যিই আনন্দের বিষয়। এই পথচলা শুধু ব্যান্ডের সদস্যদের নয়; এর সঙ্গে জড়িয়ে আছেন অসংখ্য সদস্য, গীতিকার, সুরকার এবং সর্বোপরি অনুরাগী ও শ্রোতারা। তাঁদের অকৃত্রিম ভালোবাসা ছাড়া আজকের ফিডব্যাক হয়ে ওঠা সম্ভব হতো না।
ফুয়াদ নাসের বাবু আরও জানান, ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরজুড়ে বিভিন্ন আয়োজন করা হবে। ব্যান্ডটির জনপ্রিয় গানগুলো নতুন আঙ্গিকে তৈরি করে শ্রোতাদের সামনে তুলে ধরার পাশাপাশি সারা দেশে কনসার্টের আয়োজন করা হবে। যাঁদের ভালোবাসায় এত দূর আসা, তাঁদের সঙ্গে নিয়েই এই আনন্দ উদ্যাপন করতে চান তাঁরা।
গানে গানে পাঁচ দশক
১৯৭৭ সালে কি-বোর্ডশিল্পী ফুয়াদ নাসের বাবুসহ পাঁচজন সংগীতশিল্পীকে নিয়ে যাত্রা শুরু করে ফিডব্যাক। শুরুতে ব্যান্ডটির নাম ছিল ‘ফিডব্যাক টোয়েন্টিয়েথ সেঞ্চুরি’। প্রথম দিকে জনপ্রিয় বিদেশি গানের কাভার পরিবেশন করত তারা। ধীরে ধীরে বাড়তে থাকে পরিচিতি। একসময় ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নিয়মিত গান পরিবেশনের আমন্ত্রণ পায় ব্যান্ডটি। ১৯৮৭ সাল পর্যন্ত সপ্তাহে তিন দিন সেখানে সংগীত পরিবেশন করে ফিডব্যাক।
এ সময়ের মধ্যে কয়েকজন সদস্য বিদেশে চলে গেলে দলে যুক্ত হন পিয়ারু খান ও মাকসুদুল হক। ১৯৭৯-৮০ সালের দিকে ব্যান্ডটির নাম থেকে ‘টোয়েন্টিয়েথ সেঞ্চুরি’ অংশটি বাদ পড়ে। এরপর থেকে ‘ফিডব্যাক’ নামেই পরিচিতি পায় দলটি।
আশির দশকের মাঝামাঝি সময়ে ফোক, পপ ও আধুনিক রকের মিশেলে নিজস্ব সংগীতধারা তৈরি করতে শুরু করে ফিডব্যাক। সময়ের সঙ্গে সঙ্গে ব্যান্ডটির গান হয়ে ওঠে শ্রোতাদের কাছে জনপ্রিয়। বাংলাদেশের ব্যান্ড সংগীতের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দলটি। দেশীয় সংগীতের স্বতন্ত্র পরিচিতি গড়ে তোলার পাশাপাশি বাংলা ব্যান্ড সংগীতকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ক্ষেত্রেও ফিডব্যাকের অবদান উল্লেখযোগ্য।
শ্রোতাদের মুখে মুখে গান
পাঁচ দশকের পথচলায় ফিডব্যাক উপহার দিয়েছে বহু জনপ্রিয় গান। ‘মেলায় যাইরে’, ‘এই দিন চিরদিন রবে’, ‘এক বাঁক প্রজাপতি’, ‘বাউন্ডুলে’, ‘উদাসী’, ‘মৌসুমী’, ‘তিষ্ঠি’, ‘সুখী মানুষের ভিড়ে’ ও ‘গীতিকবিতা’সহ ব্যান্ডটির বেশ কিছু গান শ্রোতাদের কাছে বিশেষভাবে সমাদৃত। সময় বদলেছে, বদলেছে শ্রোতাদের সংগীত শোনার ধরন; কিন্তু এসব গানের আবেদন রয়ে গেছে আগের মতোই।
বিশেষ করে বাংলা নববর্ষের উদ্যাপনে ‘মেলায় যাইরে’ গানটি পেয়েছে আলাদা মাত্রা। বৈশাখী উৎসবের সঙ্গে গানটির সম্পর্ক যেন হয়ে উঠেছে অবিচ্ছেদ্য। প্রজন্মের পর প্রজন্মের শ্রোতার কাছে গানটি আজও সমান পরিচিত ও প্রিয়।
বর্তমান সদস্যরা
বর্তমানে ফিডব্যাকের সদস্য হিসেবে রয়েছেন লাবু রহমান (গিটার ও ভোকাল), এনাম এলাহি টন্টি (ড্রামস ও পারকাশন), রায়হান হাসান (ভোকাল ও অ্যাকুস্টিক গিটার), ফুয়াদ নাসের বাবু (কি-বোর্ড), মোহাম্মদ দানেশ (বেজ গিটার) ও রবিউল আলম রিয়েল (ভোকাল)।
প্রতিষ্ঠার পাঁচ দশকে নানা পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়েছে ফিডব্যাক। তবে গান ও শ্রোতাদের সঙ্গে সম্পর্কই রয়ে গেছে তাদের পথচলার মূল শক্তি। সুবর্ণজয়ন্তীর আয়োজনের মধ্য দিয়ে পুরোনো গান নতুন করে শোনানোর পাশাপাশি নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও নিজেদের সংগীতকে পৌঁছে দিতে চায় ব্যান্ডটি।