প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৩:২৬ পিএম
একজন অভিনেত্রীর পরিচয় কেবল পর্দায় উপস্থিতিতে নয়, বরং চরিত্রের ভেতর দিয়ে নিজেকে কতটা বদলে নিতে পারেন, সেখানেও। সেই জায়গা থেকেই অভিনয়ে বৈচিত্র্য খুঁজছেন আইশা খান। চেনা ছকের বাইরে গিয়ে ভিন্ন গল্প ও চরিত্রে নিজেকে মেলে ধরতে চান এই অভিনেত্রী। ক্যারিয়ারের শুরু থেকেই কাজ নির্বাচনে সচেতন আইশা এবার হাজির হয়েছেন একক নাটক ‘গুড নিউজ’ নিয়ে। সম্প্রতি গ্লোবাল টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে নাটকটি।
ছোটপর্দার পাশাপাশি ওয়েব সিরিজ ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন আইশা। ‘কন্ট্রাক্ট’, ‘কাইজার’, ‘দাগ’, ‘ক্যাফে ডিজায়ার’ ও ‘বুক পকেটের গল্প’-এর মতো কাজে দেখা গেছে তাকে। বড়পর্দায় তার অভিষেক হয় ‘আহত ফুলের গল্প’ সিনেমার মাধ্যমে। পরে ‘ভয়াল’ ও প্রসূন রহমান পরিচালিত ‘শেকড়’ সিনেমায়ও অভিনয় করেছেন এই অভিনেত্রী। বিভিন্ন মাধ্যমে কাজের অভিজ্ঞতা তার অভিনয়জীবনে যোগ করেছে ভিন্ন মাত্রা।
‘গুড নিউজ’ নাটকটির কাহিনী লিখেছেন নিজামুদ্দিন রনি। পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতা আনান। এতে আইশার বিপরীতে অভিনয় করেছেন সাদ নাওভি। এ ছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন চিত্রলেখা গুহ, নওশিন ইসলাম দিশা, পারভেজ সুমন, শহিদুন্নবী, এমএ সালাম ও নিশাত মনি।
নাটকটি প্রসঙ্গে একটি গণমাধ্যমকে আইশা জানান, যে গল্প ও চরিত্র দর্শকের মনে ছাপ ফেলতে পারে বলে মনে হয়, অভিনয়ের জন্য সেগুলোই বেছে নেন তিনি। কোনো চরিত্রের মধ্য দিয়ে নতুন কিছু তুলে ধরার সুযোগ থাকলে সেটি তাকে আকৃষ্ট করে। শুধু অভিনয় করাই নয়, চরিত্রটিকে পর্দায় কতটা বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলা যায়, সেটিও তার কাছে গুরুত্বপূর্ণ। এ কারণেই ক্যারিয়ারের শুরু থেকেই গল্প ও চরিত্র নির্বাচনে সচেতন থাকার চেষ্টা করছেন তিনি।
আইশার মতে, ‘গুড নিউজ’ তেমনই একটি ভিন্নধর্মী গল্পের নাটক, যার চরিত্রগুলোর মধ্যে রয়েছে চেনা জীবনের ছায়া। দৈনন্দিন অভিজ্ঞতা ও পরিচিত পরিস্থিতির সঙ্গে দর্শক নিজেদের মিল খুঁজে পেতে পারেন। গল্প ও চরিত্রের এই পরিচিতি নাটকটিকে দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলবে বলে আশা করছেন অভিনেত্রী।
ছোটপর্দায় নিয়মিত কাজের পাশাপাশি নতুন ধরনের চরিত্রে নিজেকে তুলে ধরার চেষ্টা অব্যাহত রাখতে চান আইশা। বর্তমানে ভিন্নধর্মী গল্প ও চরিত্রের আরও কয়েকটি নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। কাজের সংখ্যা বাড়ানোর চেয়ে গল্পের মান ও চরিত্রের বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যেতে চান এই অভিনেত্রী। প্রতিটি নতুন কাজের মধ্য দিয়ে অভিনয়ের নতুন দিক দর্শকের সামনে তুলে ধরাই তার লক্ষ্য।