প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১২:৩২ পিএম
ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন ইয়াশ রোহান ও নাজনীন নীহা। ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দুজনই তৈরি করেছেন নিজস্ব অবস্থান। এবার নতুন গল্পে একসঙ্গে দেখা যাবে এই দুই অভিনয়শিল্পীকে। তাদের সঙ্গে থাকছেন পার্থ শেখ। তিনজনকে প্রথমবারের মতো একই নাটকে দেখা যাবে ‘তোমার পরে তুমি’তে। রহস্য, আবেগ ও জীবনের বাঁকবদলের গল্প নিয়ে নির্মিত নাটকটি শিগগিরই মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
নাটকের গল্পে সারা নামের এক তরুণীর জীবনে আসে কঠিন সময়। সেই পরিস্থিতিতে একটি অঘটন ঘটানোর চেষ্টা করে সে। ঠিক তখনই তার সামনে হাজির হয় সজল। তার সঙ্গে রয়েছে একটি পোষা বিড়াল। সজলের উপস্থিতিতে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে সারা। এতদিন বিড়ালটি ছিল সজলের সঙ্গী। ঘটনাচক্রে সেই বিড়ালকে ঘিরেই সজল ও সারার মধ্যে তৈরি হয় নতুন সম্পর্ক। সজলের হাত ধরে জীবনের নতুন দিশা খুঁজতে শুরু করে সারা। এভাবেই গল্পে আসে নতুন মোড়।
নাটকটিতে সজল চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। সারার চরিত্রে রয়েছেন নাজনীন নীহা। তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে পার্থ শেখকে। তিন অভিনয়শিল্পীকে একই গল্পে দেখার বিষয়টি নাটকটির অন্যতম আকর্ষণ। তবে তাদের চরিত্রগুলোর সম্পর্ক ও গল্পের পরিণতি জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে নাটকটি মুক্তি পাওয়া পর্যন্ত।
রাসেল পারভেজের রচনায় ‘তোমার পরে তুমি’ নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন। নাটকটিতে গল্পের আবহের সঙ্গে যুক্ত হয়েছে ‘তোমার পিছু’ শিরোনামের একটি গান। নাজির মাহমুদের সুরে গানটি গেয়েছেন রিয়াদ।
নাটকটির গল্পে জীবনের কঠিন সময়, অপ্রত্যাশিত পরিচয় এবং একটি সিদ্ধান্ত কীভাবে মানুষের চলার পথ বদলে দিতে পারে, তা তুলে ধরা হয়েছে। ইয়াশ রোহান ও নাজনীন নীহার নতুন জুটি এবং পার্থ শেখের উপস্থিতি নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।