প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১২:৩০ পিএম
সৌন্দর্য, অভিনয় আর ব্যক্তিত্বÑ সব মিলিয়ে বলিউডে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। নব্বইয়ের দশকে বিশ্বসুন্দরীর মুকুট জয়ের পর থেকে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। বড়পর্দায় নানা চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। তবে অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
বিশেষ করে সালমান খানের সঙ্গে তার সম্পর্ক একসময় ছিল বলিউডের অন্যতম আলোচিত বিষয়। পর্দায় তাদের রসায়ন যেমন দর্শকের মন জয় করেছিল, তেমনি পর্দার বাইরের সম্পর্ক নিয়েও ছিল ব্যাপক কৌতূহল।
১৯৯৯ সালে মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন সালমান খান ও ঐশ্বরিয়া রাই। তাদের সঙ্গে ছিলেন অজয় দেবগন। সিনেমাটিতে প্রেম, আবেগ ও সম্পর্কের টানাপড়েনের গল্পের পাশাপাশি সালমান-ঐশ্বরিয়ার জুটিও দর্শকের কাছে বিশেষভাবে জনপ্রিয়তা পায়। এই সিনেমায় কাজ করতে গিয়েই তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছিল বলে সে সময় বিভিন্ন মহলে আলোচনা ছড়ায়।
সম্প্রতি সিনেমাটির শুটিং ঘিরে পুরনো একটি ঘটনা সামনে এনেছেন অভিনেত্রী স্মিতা জয়কর। তার বর্ণনা অনুযায়ী, শুটিংয়ের সময় সালমান ও ঐশ্বরিয়ার মধ্যে বিশেষ রসায়ন লক্ষ করা যেত। সিনেমার জনপ্রিয় গান ‘আঁখো কি গুস্তাখিয়া’-এর দৃশ্য ধারণের সময় ঐশ্বরিয়ার হাত ছুঁয়েছিলেন সালমান। বিষয়টি পরিচালকের নজরে এলে সালমানকে প্রশ্ন করেন সঞ্জয় লীলা বানশালি। এমনকি এ ঘটনায় সালমানকে বকাও দিয়েছিলেন পরিচালক।
স্মিতা জয়করের এই বক্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছে সালমান ও ঐশ্বরিয়ার পুরনো দিনের স্মৃতি। ‘হাম দিল দে চুকে সনম’-এ তাদের অভিনয় ও পর্দার রসায়ন আজও দর্শকের মনে জায়গা করে আছে। সিনেমাটির গানগুলোও পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। সময়ের সঙ্গে দুই তারকার ব্যক্তিগত জীবনে নানা পরিবর্তন এলেও তাদের জুটিকে ঘিরে দর্শকের আগ্রহ এখনও কমেনি। তাই শুটিংয়ের সেই পুরনো ঘটনা আবারও বলিউডপ্রেমীদের কৌতূহল বাড়িয়েছে।