× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিষেকের অপেক্ষায় তানজিন তিশা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১২:২৮ পিএম

অভিষেকের অপেক্ষায় তানজিন তিশা

মডেলিং দিয়ে শুরু, এরপর অভিনয়ে নিজের অবস্থান তৈরি। ছোটপর্দার পরিচিত মুখ থেকে দর্শকের পছন্দের অভিনেত্রী হয়ে ওঠার পথে তানজিন তিশা পেরিয়েছেন নানা ধাপ। টেলিভিশন নাটকের পাশাপাশি ওয়েব সিনেমা ও সিরিজেও অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন তিনি। ভিন্নধর্মী চরিত্রে নিজেকে মেলে ধরে পেয়েছেন দর্শকের প্রশংসা।

তবে অভিনয়জীবনের এতটা পথ পেরিয়েও বড়পর্দায় এখনও অভিষেক হয়নি তার। সেই অপেক্ষার অবসান হওয়ার কথা ছিল ‘সোলজার’ সিনেমার মাধ্যমে। কিন্তু নানা জটিলতায় আটকে আছে সিনেমাটির কাজ। ফলে চলচ্চিত্রে পা রাখার স্বপ্ন পূরণে আরও অপেক্ষা করতে হচ্ছে এই অভিনেত্রীকে।

মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন তানজিন তিশা। ধীরে ধীরে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি বাড়তে থাকে তার। পর্দায় সাবলীল উপস্থিতি, চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতা এবং অভিনয়ের নিজস্ব ধরন তাকে আলাদা পরিচিতি এনে দেয়। রোমান্টিক গল্প থেকে শুরু করে সম্পর্কের টানাপড়েন কিংবা আবেগনির্ভর চরিত্রÑ বিভিন্ন ধরনের কাজের মধ্য দিয়ে দর্শকের কাছে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। সময়ের সঙ্গে ছোটপর্দার পাশাপাশি ওয়েব মাধ্যমেও কাজের পরিধি বাড়িয়েছেন এই অভিনেত্রী।

নাটকের বাইরে ওয়েব সিনেমা ও সিরিজে অভিনয় করেও আলোচনায় এসেছেন তিশা। বিভিন্ন নির্মাতার সঙ্গে কাজের অভিজ্ঞতা তার অভিনয়জীবনে যোগ করেছে নতুন মাত্রা। ফলে বড়পর্দায় তাকে দেখার আগ্রহও তৈরি হয়েছে দর্শকের মধ্যে। তবে চলচ্চিত্রে অভিষেকের ক্ষেত্রে তাড়াহুড়া করতে চাননি তিনি। এমন একটি গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলেন, যার মধ্য দিয়ে নিজেকে নতুনভাবে তুলে ধরা সম্ভব হবে।

সেই অপেক্ষার অবসান ঘটার সম্ভাবনা তৈরি হয় ‘সোলজার’ সিনেমাকে ঘিরে। এতে তানজিন তিশার বিপরীতে অভিনয় করছেন শাকিব খান। জনপ্রিয় এই নায়কের সঙ্গে বড়পর্দায় অভিষেকের সুযোগটি তাই তিশার ক্যারিয়ারের জন্য ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। কিন্তু সিনেমাটির কাজ পরিকল্পনা অনুযায়ী এগোয়নি। ফলে পরবর্তী সময়ে শুটিং শুরু হওয়া ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রকস্টার’ আগে মুক্তির পথে এগিয়ে যায়। এতে তিশার চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘ হয়।

সম্প্রতি ‘সোলজার’ সিনেমার বাকি কাজ শেষ করা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গেছে, অসমাপ্ত অংশের শুটিং শেষ করতে আরও প্রায় ৯ থেকে ১০ দিনের শিডিউল প্রয়োজন। কিন্তু সেই সময় বের করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ শাকিব খান শিগগিরই ‘নিঃস্ব’ ও ‘মহব্বত’ নামে দুটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। নতুন দুই সিনেমার ব্যস্ততার মধ্যে ‘সোলজার’-এর জন্য প্রয়োজনীয় সময় তিনি দিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে সিনেমাটির কাজ কবে শেষ হবে কিংবা কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

অবশ্য বড়পর্দার অপেক্ষার মধ্যেও ছোটপর্দায় থেমে নেই তানজিন তিশার পথচলা। সম্প্রতি তার অভিনীত বেশকিছু নাটক মুক্তি পেয়েছে। নিয়মিত কাজের মধ্য দিয়ে দর্শকের সঙ্গে যোগাযোগও ধরে রেখেছেন তিনি। তবে বড়পর্দায় অভিষেকের স্বপ্নটি এখনও অপূর্ণ। ‘সোলজার’ সেই স্বপ্ন পূরণ করবে কি না, তা নির্ভর করছে আটকে থাকা কাজ শেষ করার ওপর। আপাতত তাই ছোটপর্দার ব্যস্ততার পাশাপাশি চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষাও সঙ্গী হয়ে আছে তানজিন তিশার।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা