প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১৭:৫৬ পিএম
ছোটপর্দায় নিজের অভিনয় দিয়ে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন সামিরা খান মাহি। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছেন তিনি। বিশেষ করে পারিবারিক গল্পের নাটকে তার উপস্থিতি দর্শকের সামনে তুলে ধরছে জীবনের কাছাকাছি থাকা নানা চরিত্র ও সম্পর্কের গল্প।
এবার একান্নবর্তী পরিবারের টানাপড়েন, দায়িত্ববোধ আর এক মেয়ের সংগ্রামের গল্প নিয়ে আসছেন এই অভিনেত্রী। নতুন মিনি সিরিজ ‘মায়ার সংসার’-এ পরিবারের এক বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে।
মো. ওমর ফারুকের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত সিরিজটির প্রচার শুরু হবে ২৬ অক্টোবর। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার দুপুর ১২টায় দেখা যাবে এটি। সিরিজটি প্রযোজনা করছেন নাট্য নির্মাতা ও প্রযোজক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
‘মায়ার সংসার’-এর গল্প ঢাকার একটি একান্নবর্তী পরিবারকে ঘিরে। পরিবারের বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। মা-বাবার সঙ্গে থাকলেও দুই ছেলে তাদের খরচ বহন করে না। অন্যদিকে পরিবারের একমাত্র মেয়ের বিয়ের বয়স হয়েছে। একপর্যায়ে মা-বাবার পাশে দাঁড়াতে এবং তাদের জন্য সংগ্রাম শুরু করে মেয়েটি। নিজের চেষ্টায় স্বাবলম্বী হওয়ার আকাঙ্ক্ষা, পারিবারিক দায়িত্ব এবং মধ্যবিত্ত জীবনের বাস্তবতা উঠে আসবে এই সিরিজে।
এতে মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। মাহির ভাষ্যে, ‘পরিবারের সংগ্রামের গল্প নিয়ে এই সিরিজ। আমার অভিনীত চরিত্রটিকে ঘিরেই মূল কাহিনী। মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে। তার জীবনের সংগ্রাম দেখা যাবে এতে। মেয়েটি কারও করুণা ছাড়া নিজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করে।’
সিরিজটিতে মাহির সঙ্গে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা মিঠু, জোনায়েদ বোগদাদী, সৈয়দ মুসাফির বাচ্চু ও এরফান মৃধা শিবলুসহ অনেকে।
এর আগে পারিবারিক গল্পের আরেকটি মিনি সিরিজ ‘কর্মফল’-এ অভিনয় করেছেন মাহি। সাম্প্রতিক সময়ে এ ধরনের গল্পে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী জানান, পারিবারিক গল্পের সঙ্গে দর্শক নিজেদের জীবনের মিল খুঁজে পান। এসব গল্পে একটি চরিত্রের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদেরও গুরুত্ব থাকে। ফলে অনেক শিল্পীর সঙ্গে কাজ করার এবং জ্যেষ্ঠ অভিনয়শিল্পীদের কাছ থেকে শেখার সুযোগ তৈরি হয়। নিজেরও এ ধরনের নাটকের প্রতি আগ্রহ বেশি বলে জানান তিনি।
পারিবারিক সম্পর্কের টানাপড়েন ও এক তরুণীর আত্মনির্ভরশীল হয়ে ওঠার গল্প নিয়ে ‘মায়ার সংসার’ মাহির নতুন কাজ। এবার পর্দায় তার চরিত্রটি দর্শকের মনে কতটা জায়গা করে নেয়, সেটিই দেখার অপেক্ষা।