প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১৪:২৯ পিএম
পড়াশোনার ব্যস্ততা সামলে টিউশনির টাকা, পকেটমানি আর সিনেমা নির্মাণের স্বপ্নকে পুঁজি করে একদল শিক্ষার্থী তৈরি করেছেন চলচ্চিত্র। দুই বছরের পরিশ্রমে নির্মিত সেই সিনেমা ‘অন্যপাতা’ এবার আসছে প্রেক্ষাগৃহে। বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০ জনেরও বেশি শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আজ ২৩ অক্টোবর। প্রথম সপ্তাহে দেশের ১০টি প্রেক্ষাগৃহে দেখা যাবে এটি।
চুয়েটের শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানির পরিচালনায় নির্মিত হয়েছে ‘অন্যপাতা’। বাস্তব জীবনের দুটি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির গল্প তৈরি করা হয়েছে। মাত্র ছয়জনকে নিয়ে শুরু হওয়া এই উদ্যোগ সময়ের সঙ্গে বড় পরিসর পেয়েছে। এতে যুক্ত হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০ জনেরও বেশি তরুণ-তরুণী। সীমিত সামর্থ্য নিয়ে তাদের এই চলচ্চিত্র নির্মাণের যাত্রা হয়ে উঠেছে স্বপ্নপূরণের এক সম্মিলিত প্রয়াস।
সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়া শাকিল ও প্রত্যাশা ঘোষ। এ ছাড়া অভিনয় করেছেন শাইম, নোমান, অনিমেষ, একুশী, ইমরান, মনন ও রোবেনসহ অনেকে।
নির্মাতাদের প্রকাশিত হল তালিকা অনুযায়ী, প্রথম সপ্তাহে ‘অন্যপাতা’ দেখা যাবে ঢাকার স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখা, লায়ন সিনেমাস ও শ্যামলী সিনেমায়। এ ছাড়া চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্সের বালি আর্কেড শাখা ও সুগন্ধা সিনেমা, কুমিল্লা ক্যান্টনমেন্টের কে স্ক্রিন সিনেপ্লেক্স, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, বগুড়ার মম ইন থিয়েটার, নারায়ণগঞ্জের সিনেস্কোপ এবং কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে সিনেমাটি।
শিক্ষার্থীদের উদ্যোগে নির্মিত ‘অন্যপাতা’ বড়পর্দায় মুক্তির মাধ্যমে তাদের দীর্ঘদিনের পরিশ্রম দর্শকের সামনে তুলে ধরতে যাচ্ছে। এখন দর্শকের সঙ্গে এই তরুণ নির্মাতাদের স্বপ্নের সংযোগ তৈরি হওয়ার অপেক্ষা।