× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপেক্ষার এক যুগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১২:৩৯ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬ ১২:৪০ পিএম

অপেক্ষার এক যুগ

বাংলাদেশের চলচ্চিত্রে ববিতা কেবল একজন অভিনেত্রীর নাম নয়, তিনি কয়েক প্রজন্মের দর্শকের ভালোবাসা ও শ্রদ্ধায় গড়ে ওঠা এক অনন্য শিল্পীসত্তা। অভিনয়ের স্বতন্ত্রতা, পর্দায় সাবলীল উপস্থিতি এবং বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরার দক্ষতায় তিনি জায়গা করে নিয়েছেন দেশের চলচ্চিত্রের ইতিহাসে।

কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পান এই অভিনেত্রী। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সিনেমায় কাজ করলেও এখনও তার মনে রয়ে গেছে নতুন করে ভালো কোনো গল্পে নিজেকে উজাড় করে দেওয়ার আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা নিয়েই প্রায় এক যুগ ধরে অপেক্ষা করছেন ববিতা। অপেক্ষা একটি মৌলিক গল্পের, যে গল্প তাকে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর অনুপ্রেরণা দেবে।

প্রায় এক যুগ ধরে নতুন কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি ববিতাকে। সর্বশেষ নারগিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এরপর বেশ কয়েকজন চলচ্চিত্র নির্মাতা তার কাছে নতুন সিনেমার প্রস্তাব নিয়ে গেছেন, শুনিয়েছেন গল্পও। কিন্তু কোনো গল্পই তাকে অভিনয়ে ফেরার মতো করে আকৃষ্ট করতে পারেনি। ববিতার প্রত্যাশা, ফিরলে ফিরবেন একেবারেই মৌলিক একটি গল্পের সিনেমা দিয়ে। যে গল্পের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজের অভিজ্ঞতা ও শিল্পীসত্তাকে পুরোপুরি কাজে লাগানোর সুযোগ পাবেন তিনি।

অভিনয়ে ফেরার অপেক্ষা প্রসঙ্গে ববিতা বলেন, ‘সত্যি বলতে কী, বিগত প্রায় এক যুগে অনেক নির্মাতাই গল্প শুনিয়েছেন। কিন্তু কারও গল্পই আসলে আমার মন ছুঁয়ে যায়নি, যাতে আমি অভিনয় করার আগ্রহ পাব। কিন্তু এটাও সত্যি, আমার এখনও চলচ্চিত্রে অভিনয় করার আগ্রহ আছে। আগ্রহ আছে এ কারণেই যে আমি তো মনেপ্রাণে একজন চলচ্চিত্রাভিনেত্রী। জীবনের শেষ দিন পর্যন্ত আমি অভিনয়ই করে যেতে চাই।’

অভিনয়ের প্রতি এই টানই ববিতাকে এখনও নতুন গল্পের অপেক্ষায় রেখেছে। তার মতে, একজন শিল্পীর দীর্ঘ অভিজ্ঞতা ও কাজের প্রতি নিবেদনকে কাজে লাগিয়ে দারুণ সিনেমা নির্মাণ সম্ভব। এ ক্ষেত্রে পাশের দেশের চলচ্চিত্রের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে এখনও জীবন্ত কিংবদন্তি অভিনয়শিল্পীদের কেন্দ্র করে গল্প এগিয়ে যায়, সিনেমা নির্মিত হয়। গল্পের কারণেই কিংবদন্তি শিল্পীরা সিনেমার প্রাণ হয়ে ওঠেন। পাশাপাশি তরুণ শিল্পীরাও তাদের সঙ্গে অভিনয়ের সুযোগ পান, যা সিনেমাকে আরও সমৃদ্ধ করে।

বাংলাদেশের চলচ্চিত্রেও এমন উদ্যোগের প্রয়োজনীয়তা অনুভব করেন ববিতা। তার ভাষ্য, শ্রদ্ধেয় আলমগীর, সোহেল রানাসহ আরও অনেক অভিজ্ঞ শিল্পী এখনও আছেন, যাদের নিয়ে ভালো গল্পের সিনেমা নির্মাণ করা সম্ভব। অথচ তাদের অনেকেই দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে নিয়মিত নন। অভিজ্ঞ এই শিল্পীদের যথাযথভাবে কাজে লাগাতে না পারার বিষয়টি তাকে ভাবায়। নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা নিয়েও তাই তার মনে রয়ে গেছে কিছুটা আক্ষেপ।

ববিতা বলেন, ‘আমার এই সময়ে এসে একটু আফসোসই হয় যে আমি জীবনের শেষপ্রান্তে এসে একটি ভালো মৌলিক গল্প পেলাম না, যাতে আমি মনপ্রাণ দিয়ে নিজেকে পূর্ণ নিবেদিত করে অনেক কষ্ট করে অভিনয় করতে পারি। হয়তো সেই সময় আসবে, জানি না তা কবে।’

বাংলাদেশের চলচ্চিত্রে ববিতার অবদান দীর্ঘদিনের। সত্তরের দশকে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অভিনেত্রী তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন তিনি। ১৯৭৬, ১৯৭৭ ও ১৯৮৫ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। ১৯৯৬ সালে শ্রেষ্ঠ প্রযোজক এবং ২০০২ ও ২০১১ সালে পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০১৬ সালে তাকে দেওয়া হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা। চলতি বছর একুশে পদক ও ‘মা পদক’-এও ভূষিত হয়েছেন তিনি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা