প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১২:৩৬ পিএম
রান্নার স্বাদ আর তারকাদের উপস্থিতিÑ দুইয়ের মেলবন্ধনে দর্শকদের কাছে পরিচিত রান্না বিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’। এই আয়োজনের বিচারকের আসনে একাধিক সিজনে দেখা গেছে চিত্রনায়িকা পূর্ণিমাকে। তবে এবার বদল আসছে বিচারক প্যানেলে। নতুন সিজনে পূর্ণিমার জায়গায় দায়িত্ব পালন করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো রান্না বিষয়ক এই প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় দেখা যাবে তাকে।
এখন পর্যন্ত অনুষ্ঠিত আটটি সিজনের চারটিতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন পূর্ণিমা। গত সিজনেও প্রতিযোগীদের রান্নার স্বাদ ও মান যাচাই করে সেরাদের বেছে নেওয়ার দায়িত্বে ছিলেন তিনি। তবে নবম সিজনে তার পরিবর্তে জয়া আহসানের অন্তর্ভুক্তির খবরটি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী। গতকাল প্রকাশিত এক ভিডিও বার্তায় ‘সেরা রাঁধুনী’-এর বিচারক হওয়ার কথা জানান তিনি।
ভিডিও বার্তায় জয়া আহসান বলেন, ‘কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনী সিজন ৯-এ বিচারক হিসেবে আমি থাকছি। যারা রান্না করতে ভালোবাসেন বা রান্না নিয়ে নানা রকম স্বপ্ন দেখেন, তাদের জন্য এই আয়োজন। ২০ বছর ধরে এমন অনেক রাঁধুনীর জীবন বদলের রেসিপি হচ্ছে সেরা রাঁধুনী। সেই রাঁধুনীদের সঙ্গে শিগগির দেখা হচ্ছে সেরা রাঁধুনীর মঞ্চে।’
এর আগে বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করলেও রান্নার প্রতিযোগিতায় এবারই প্রথম দেখা যাবে জয়া আহসানকে। নতুন সিজনে তার সঙ্গে বিচারকের দায়িত্বে থাকবেন দুই পেশাদার শেফ শুভব্রত মৈত্র ও শাহিদ শাহিন।
ইতোমধ্যে শুরু হয়েছে ‘সেরা রাঁধুনী সিজন ৯’-এর নিবন্ধন। আগ্রহীরা ১৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। এবারের প্রতিযোগিতায় বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে থাকছে ১৫ লাখ টাকা। অনুষ্ঠানটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।
অন্যদিকে পূর্ণিমার মা হতে যাওয়ার গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি একটি রিয়েলিটি শোতে তার অংশগ্রহণের ভিডিও ঘিরে এই আলোচনা তৈরি হয়। তবে এ বিষয়ে পূর্ণিমা এখনও কোনো মন্তব্য করেননি। নতুন সিজনে তার অনুপস্থিতির সঙ্গে এই গুঞ্জনের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা-ও নিশ্চিত নয়।