প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ২০:৪৮ পিএম
বলিউড অভিনেতা টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
মুম্বাইয়ের জুহু এলাকায় রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত অভিনেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম।
হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অল্পের জন্য রক্ষা পেয়েছেন অভিনেতা। এ ঘটনায় তার গাড়িচালক ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের বরাতে জানা গেছে, জুহু থানার আওতাধীন এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় হামলাকারীরা। তবে গুলিতে অভিনেতার কোনো আঘাত লাগেনি। ঘটনার পরপরই তদন্তে নেমেছে পুলিশ। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ১২টি দল গঠন করা হয়েছে।
মুম্বাই পুলিশের উপকমিশনার (ডিসিপি) মোহিত গার্গ জানিয়েছেন, টাইগার শ্রফ নিরাপদে আছেন। গুলিতে তার কোনো আঘাত লাগেনি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে হামলার দায় স্বীকারের দাবি করা হয়েছে। পোস্টটি বিদেশে অবস্থানরত দুই গ্যাংস্টার অনিল পণ্ডিত ও হারমান সান্ধুর নামে প্রচারিত হয়েছে। এতে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নামও উল্লেখ করা হয়েছে।
হামলার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
৩৬ বছর বয়সী টাইগার শ্রফ বলিউডের বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে। ২০১৪ সালে ‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। অ্যাকশনধর্মী সিনেমা, শারীরিক কসরত ও দুর্দান্ত স্টান্টের জন্য পরিচিত এই অভিনেতা।