সিনেমা হলেও পূজার বাদ্য
ছিবি: কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে
শারদীয় দুর্গাপূজা মানেই উৎসবের রঙ, নতুন পোশাক, মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড় আর চেনা সুরে ফিরে দেখা পুরনো দিনের স্মৃতি। একসময় পূজার আনন্দ ছড়িয়ে পড়ত পাড়ার মাইকে বাজানো বাংলা আধুনিক ও চলচ্চিত্রের গানে। ক্যাসেটের ফিতায় বন্দি সেই গানগুলো আজও অনেক শ্রোতার স্মৃতিতে অমলিন।
সময় বদলেছে, বদলেছে গান শোনার মাধ্যমও। এবার পূজার উৎসব ঘিরে ঢাকাই চলচ্চিত্রেও যুক্ত হচ্ছে নতুন আয়োজন। ঈদের বাইরে বড় উৎসবের ছুটিকে কাজে লাগিয়ে একই দিনে মুক্তি পাচ্ছে তিনটি দেশীয় সিনেমা। পুরনো গানের নস্টালজিয়া আর নতুন সিনেমার গল্পÑ এ দুইয়ে মিলিয়ে বিনোদনপ্রেমীদের সামনে খুলছে ভিন্ন স্বাদের এক আয়োজন।
গত শুক্রবার দেশের প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘চিরকুট’, ‘কাট-পিস’ ও ‘স্নেহের বন্ধন’ সিনেমা। তিনটি ছবির গল্প ও নির্মাণের ধরন আলাদা। একটিতে নব্বইয়ের দশকের ক্যাম্পাসজীবন ও স্মৃতি, অন্যটিতে পোশাক শিল্পের ঝুট ব্যবসার অন্দরমহল, আরেকটিতে পারিবারিক সম্পর্ক, ভালোবাসা ও দ্বন্দ্বের গল্প উঠে এসেছে।
মুনতাসির আকিব পরিচালিত ‘চিরকুট’ নির্মিত হয়েছে নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী ও আবদুল্লাহ আল সেন্টুসহ অনেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ থেকে ৩০০ শিক্ষার্থী ছবিটিতে অভিনয় করেছেন। সিনেমাটির ট্রেলার এবং রেহান রাসুলের গাওয়া ‘প্রেমে গেলাম ডুবে’ গানটি প্রকাশের পর দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। শ্যামল মাওলার ভাষায়, ছবিটিতে নব্বইয়ের দশকের প্রেম, চিঠির আদান-প্রদান ও ক্যাম্পাসের নস্টালজিয়া তুলে ধরা হয়েছে।
অন্যদিকে তরুণ নির্মাতা ইফফাত জাহান মম পরিচালিত ও প্রযোজিত ‘কাট-পিস’ তুলে ধরবে তৈরি পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে অর্থ, প্রভাব ও ক্ষমতার দ্বন্দ্ব। ছবিটির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে রাফাহ নানজিবা তোরসার। ‘মালা’ চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রীর বিপরীতে রয়েছেন নবাগত সিফাত আমিন শুভ। আরও অভিনয় করেছেন এলিনা শাম্মী ও ইমরান আহমেদ সওদাগর। স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসসহ দেশের ২৫টির বেশি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
কামরুজ্জামান পরিচালিত ‘স্নেহের বন্ধন’ পারিবারিক সম্পর্ক, ভালোবাসা ও মানসিক টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত। এতে প্রথমবার জুটি বেঁধেছেন জয় চৌধুরী ও মৌ খান। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কাজী হায়াৎ। ছবিটি নিয়ে মৌ খান জানিয়েছেন, তার চরিত্রটি সংগ্রামী, চ্যালেঞ্জিং এবং মায়াবী। পারিবারিক মূল্যবোধ ও ভালোবাসার জন্য নানা পরিস্থিতির মুখোমুখি হওয়া এক নারীর গল্প এটি।
সিনেমার এই নতুন আয়োজনের পাশাপাশি পূজার গানের পুরনো আবেদনও আলাদা করে মনে পড়ে। একসময় ক্যাসেট কিনে রাখা, পাড়ার মাইকে সকাল থেকে রাত পর্যন্ত গান শোনা কিংবা ভালো লাগা গানের নাম ও শিল্পীর পরিচয় খোঁজা ছিল উৎসবের প্রস্তুতির অংশ। ‘কিনে দে রেশমি চুড়ি’, ‘মনে পড়ে রুবি রায়’, ‘নয়ন সরসী কেন ভরেছে জলে’, ‘সবাই তো সুখী হতে চায়’, ‘এ আমার গুরুদক্ষিণা’ ও ‘আজ এই দিনটাকে’Ñ এমন অনেক গান সময় পেরিয়েও শ্রোতাদের স্মৃতিতে জায়গা করে আছে।
ক্যাসেট থেকে সিডি, সিডি থেকে ডিজিটাল প্লাটফর্মÑ গান শোনার মাধ্যম বদলেছে, কিন্তু পুরনো সুরের আবেগ হারায়নি। এবার পূজায় নতুন সিনেমার গল্প আর স্মৃতিমাখা গানের সুর মিলিয়ে উৎসবের বিনোদনে যোগ হচ্ছে ভিন্ন মাত্রা।