প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৩:০০ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৬ ১৬:২৯ পিএম
জাকিয়া বারী মম
দর্শকের ভালোবাসা পেতে অভিনয়ের পাশাপাশি গল্পের শক্তিও গুরুত্বপূর্ণ। সুন্দর গল্প, মানসম্মত সংলাপ আর চরিত্রের যথাযথ উপস্থাপন একটি নাটককে দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তোলে। সেই বিশ্বাস থেকেই ভালো কাজের প্রতি নিজের দায়বদ্ধতার কথা জানিয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। সম্প্রতি তার অভিনীত কয়েকটি নাটক দর্শকের প্রশংসা পাওয়ায় সন্তুষ্ট এই অভিনেত্রী। তার মতে, ভিউয়ের প্রতিযোগিতার মধ্যেও ভালো গল্পের নাটকের চাহিদা রয়েছে।
বর্তমানে মম অভিনীত ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’ প্রচারিত হচ্ছে এনটিভিতে। রাকেশ বসু পরিচালিত নাটকটি ইতোমধ্যে দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। এ প্রসঙ্গে একটি গণমাধ্যমকে মম বলেন, ‘নাটকটির জন্য অনেক সাড়া পাচ্ছি। সবাই প্রশংসা করছেন। এটি সুন্দর গল্পের একটি নাটক। ২৯ পর্ব প্রচার হয়েছে এবং দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।’
দর্শকের পছন্দের বিষয়ে অভিনেত্রী বলেন, মানুষ ভালো গল্প দেখতে চায়। ভালো গল্পের কাজ দেখতে চায়। কিছুদিন আগে মম অভিনীত ‘বিষণ্ন মেঘ’ ও ‘সময় একটু দাঁড়াও’ শিরোনামের দুটি নাটকও প্রচারিত হয়েছে। নাটক দুটি দেখে দর্শকের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন বলে জানান তিনি। মম বলেন, ‘এই নাটক দুটি দেখে দর্শক অনেক প্রশংসা করেছে। নাটকের সংলাপ নিয়েও প্রশংসা করেছে বহু মানুষ। কেউ কেউ বলেছেন, অনেক দিন পর এত সুন্দর নাটক দেখলাম।’
নাটকের মান ও দর্শকের প্রত্যাশা নিয়ে নিজের অবস্থানও তুলে ধরেছেন এই অভিনেত্রী। তার ভাষায়, ভালো সংলাপ, ভালো গল্পের নাটক দেখার ইচ্ছা দর্শকদের এখন আছে। তাদের ভালো কাজ দিতে হবে। আমি কেমন জিনিস দেব, তা তো আমার দায়বদ্ধতার ওপর নির্ভর করছে।
ভিউয়ের গুরুত্ব স্বীকার করলেও কাজের মানের ওপর জোর দিয়েছেন মম। তিনি বলেন, ‘ভিউয়ের সময়েও ভালো নাটক হচ্ছে, আবার নিম্নমানের কাজও হচ্ছে। ভিউতে আমার আপত্তি নেই। কেউ ভালো কাজ দিয়েও ভিউ পান, আবার কেউ সহজ কাজ করেও ভিউ পান। এখানে মানটা প্রয়োজন।’
‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় অভিষেক হওয়া মম প্রথম সিনেমায়ই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।