কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
সৌন্দর্য, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও প্রতিভার মেলবন্ধনে অনুষ্ঠিত হলো ‘মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২’-এর গ্র্যান্ড ফিনালে। এতে মিস বিভাগে সুমি রানি এবং মিসেস বিভাগে ফারহানা হোসেন বিথি বিজয়ীর মুকুট জিতেছেন। এ ছাড়া ‘মিস আর্থ বাংলাদেশ ২০২৬’-এর মুকুট পেয়েছেন নওরিন নাওয়ার অরিত্রি।
রাজধানীর চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে শুক্রবার বিকালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
গ্র্যান্ড ফিনালেতে নির্বাচিত প্রতিযোগীরা র্যাম্প ওয়াক, ফ্যাশন উপস্থাপনা ও বিভিন্ন ধাপের মধ্য দিয়ে নিজেদের সৌন্দর্য, আত্মবিশ্বাস ও প্রতিভা তুলে ধরেন। বাছাই ও গ্রুমিং পর্ব শেষে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম।
মিস বিভাগে প্রথম রানারআপ হয়েছেন রওনক তাসনিম ঐশী এবং দ্বিতীয় রানারআপ সাবরিনা নাহার মহিমা। অন্যদিকে, মিসেস বিভাগে প্রথম রানারআপ হয়েছেন জন্নাতুল ফেরদৌস কেয়া এবং দ্বিতীয় রানারআপ সায়মা হাসিবা অপূর্ব।
‘মিস আর্থ বাংলাদেশ ২০২৬’-এর মুকুটজয়ী নওরিন নাওয়ার অরিত্রি ছাড়াও মিস ফায়ার নির্বাচিত হয়েছেন সপ্তর্ষি ক্রুজ, মিস এয়ার জেনি জাহান এবং মিস ওয়াটার হয়েছেন রায়হানা আক্তার মিম।
প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা, অভিনেতা ও মডেল অন্তু করিম, এশিয়া জুয়েলার্সের প্রতিষ্ঠাতা তাসনুভা খান এবং নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্যাশন মডেল ও কোরিওগ্রাফার তানজিল জনি এবং কোরিওগ্রাফার গৌতম সাহা।
অনুষ্ঠানে ‘মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ’-এর প্রধান উপদেষ্টা রাজু আলীম বক্তব্য দেন। এ সময় তিনি আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বিজয়ীদের নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন।
‘মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন এবং সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তারের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বোর্ড অব ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন ইবনে সাঈদ অঙ্কুর, বারিশা হক ও মাজহার সুমন।
আয়োজকদের প্রত্যাশা, এ মঞ্চ থেকে উঠে আসা প্রতিভাবান নারীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
আত্মবিশ্বাস, সৌন্দর্য ও প্রতিভার উদ্যাপনের মধ্য দিয়ে শেষ হয় ‘মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২’-এর গ্র্যান্ড ফিনালে।