কৃতি শ্যানন
বলিউডে নিজের অভিনয়দক্ষতা দিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছেন কৃতি শ্যানন। রোমান্টিক গল্প থেকে শুরু করে কমেডি ও আবেগঘন চরিত্র বিভিন্ন ধরনের সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি। এবার নতুন এক ঘরানায় নিজেকে তুলে ধরতে যাচ্ছেন এই অভিনেত্রী। প্রথমবারের মতো ভৌতিক সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটি প্রযোজনা করছে ম্যাডক ফিল্মস। তবে এখনও এর নাম প্রকাশ করা হয়নি।
ম্যাডক ফিল্মসের সঙ্গে কৃতির সম্পর্ক বেশ পুরনো। এই প্রযোজনা প্রতিষ্ঠানের আটটি সিনেমায় কাজ করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘রাবতা’, ‘লুকা ছুপি’, ‘মিমি’ ও ‘ভেড়িয়া’। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘মিমি’ সিনেমায় অভিনয়ের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান কৃতি। অন্যদিকে ম্যাডক ফিল্মসের হরর ইউনিভার্সের সিনেমা ‘স্ত্রী’-তে একটি আইটেম গানেও অংশ নিয়েছিলেন তিনি। এবার সেই প্রতিষ্ঠানের নতুন ভৌতিক সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ভিন্ন অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন অভিনেত্রী।
চলতি বছর ‘তেরে ইশক মে’ ও ‘ককটেল ২’ সিনেমায় অভিনয় নিয়েও আলোচনায় ছিলেন কৃতি। পর্দায় বৈচিত্র্যময় চরিত্র বেছে নেওয়ার প্রবণতা তার অভিনয়জীবনে নতুন মাত্রা যোগ করেছে। নতুন ভৌতিক সিনেমাটিও তার ক্যারিয়ারে ভিন্ন এক অধ্যায় হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকে। তবে সিনেমাটির গল্প, সহশিল্পী ও মুক্তির সময়সূচি সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে সম্প্রতি এক আলাপচারিতায় মানুষের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেছেন কৃতি। অভিনেত্রীর ভাষ্য, মানুষের খারাপ দিক সামনে এলেও তিনি সহজে তার ভালো দিকগুলো উপেক্ষা করতে পারেন না। এটি তার স্বভাবের অংশ। তিনি এখনও মানুষের মধ্যে ভালো কিছু খুঁজে দেখতে চান।
কৃতি আরও বলেন, মানুষকে তিনি অনেক বেশি বিশ্বাস করেন। নিজের আচরণের সঙ্গে অন্যের আচরণ মিলিয়ে দেখার প্রবণতাও রয়েছে তার। তিনি নিজে মিথ্যা না বললে অন্যরাও মিথ্যা বলবেন নাÑ এমনটাই মনে করেন। তবে বাস্তবতা সব সময় তার এই বিশ্বাসের সঙ্গে মেলে না। মানুষের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখলেও অতিরিক্ত বিশ্বাস যে কখনও সমস্যার কারণ হতে পারে, সেটিও উপলব্ধি করেছেন অভিনেত্রী।