প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ০৯:১৪ এএম
মেহজাবীন চৌধুরী। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি অশালীন ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মুখ খুলেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করে তাকে হেয় করার উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়াকে অপরাধ হিসেবে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি এসব কনটেন্ট ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ হ্যাক হওয়ার পর সেখানে এআই দিয়ে তৈরি কয়েকটি অশালীন ভিডিও প্রকাশিত হয়। ভিডিওগুলোতে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরীমনিকে জড়িয়ে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি হ্যাকিংয়ের বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক থামেনি।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানান মেহজাবীন। তিনি লেখেন, “এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়া কোনো বিনোদন নয়। এটি একটি অপরাধ”।
মেহজাবীন আরও বলেন, “একই কনটেন্ট যখন শত শত কিংবা হাজার হাজার মানুষ শেয়ার করতে থাকেন, তখন বিষয়টি আর শুধু একজন ব্যক্তির অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বরং এটি সমাজের বৃহত্তর একটি সমস্যাকে সামনে নিয়ে আসে। এ সময় তিনি প্রশ্ন তোলেন, সমাজ হিসেবে মানুষ আসলে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে”।
কাউকে সম্মান করার জন্য তাকে নিজের পরিবারের সদস্য হতে হবে কেন- এমন প্রশ্নও তুলেছেন অভিনেত্রী। তার মতে, কোনো মানুষের মর্যাদা রক্ষার জন্য তাকে মা, বোন কিংবা পরিবারের অন্য কোনো সদস্য হিসেবে কল্পনা করার প্রয়োজন হওয়া উচিত নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ, লাইক, শেয়ার ও ট্রেন্ডিংয়ে থাকার প্রতিযোগিতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মেহজাবীন। তিনি স্বীকার করেন, অনেকের জন্য কনটেন্ট তৈরি এখন জীবিকা নির্বাহের একটি মাধ্যম। তবে প্রশ্ন রাখেন, কবে থেকে অন্য একজন মানুষের অপমান ও অসম্মান উপার্জনের উপায় হয়ে উঠেছে?
অভিনেত্রীর ভাষ্য, “বিষয়টি এখন শুধু নারী কিংবা পুরুষের মধ্যে সীমাবদ্ধ নেই। ভিউ, এনগেজমেন্ট ও ট্রেন্ডিংয়ের প্রতিযোগিতায় ক্ষতিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়ার সঙ্গে যে কেউ যুক্ত হতে পারেন, আবার এর শিকারও হতে পারেন যে কেউ”।
মেহজাবীন বলেন, “আমাকে সবচেয়ে বেশি ভাবায় শুধু সেই ব্যক্তি নন, যিনি এ ধরনের কনটেন্ট তৈরি করছেন; বরং সেই অসংখ্য মানুষও, যারা স্বেচ্ছায় সেগুলো শেয়ার করছেন, আলোচনা করছেন এবং আরও অনেকের কাছে পৌঁছে দিচ্ছেন”।
পোস্টের শেষাংশে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নিজেদের ভূমিকা নিয়ে ভাবার আহ্বান জানান। তার বক্তব্য, “একজন অপরাধীর অপরাধে অংশ নিয়ে নিজের বিবেকহীনতার পরিচয় দেওয়া হবে কি না, তা প্রত্যেকের ভেবে দেখা উচিত”।