প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৩:৩৩ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬ ১৩:৩৬ পিএম
জয়া আহসান
দুই বাংলার চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতা ও স্বতন্ত্র উপস্থিতি দিয়ে আলাদা জায়গা তৈরি করেছেন জয়া আহসান। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায়ও তিনি পেয়েছেন দর্শকের ভালোবাসা ও প্রশংসা। গল্পনির্ভর সিনেমা, বৈচিত্র্যময় চরিত্র আর পরিমিত অভিনয়ে বারবার নিজেকে ভেঙেছেন এই অভিনেত্রী।

দুই বাংলার দর্শকের কাছে তার এই গ্রহণযোগ্যতা যেমন দীর্ঘদিনের, তেমনি নতুন কাজের মধ্য দিয়ে নিয়মিত আলোচনায়ও থাকেন তিনি। এবার তার অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার ১০০ দিনের পথচলা ঘিরে উদ্যাপনের খবর সামনে এসেছে।
অভিনয়ের শুরু বাংলাদেশে হলেও জয়ার কাজের পরিধি বিস্তৃত হয়েছে দুই বাংলায়। বাংলাদেশের ‘গেরিলা’, ‘দেবী’, ‘বিউটি সার্কাস’ কিংবা পশ্চিমবঙ্গের ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘রবিবার’ ও ‘অর্ধাঙ্গিনী’Ñ বিভিন্ন সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন তিনি। বাণিজ্যিক ঘরানার বাইরেও বিষয় বৈচিত্র্যপূর্ণ সিনেমায় তার উপস্থিতি তাকে দুই বাংলার চলচ্চিত্রপ্রেমীদের কাছে পরিচিত মুখ করে তুলেছে। চরিত্রের প্রয়োজনে নিজেকে বদলে নেওয়ার দক্ষতা তার অভিনয়জীবনের অন্যতম বৈশিষ্ট্য।

নতুন কাজেও সেই বৈচিত্র্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন জয়া। তার অভিনীত সিনেমাগুলোয় সম্পর্কের টানাপড়েন, ব্যক্তিগত দ্বন্দ্ব ও জীবনের নানা বাস্তবতা উঠে এসেছে। বিশেষ করে নারী চরিত্রের জটিল অনুভূতি ও সম্পর্কের ভিন্নমাত্রা পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে তার অভিনয় দর্শকের মনোযোগ কেড়েছে। আজও অর্ধাঙ্গিনী সিনেমাটিও সেই যাত্রার অংশ, যার ১০০ দিনের পথচলা উপলক্ষে আনন্দ ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

সিনেমাটির এই বিশেষ মুহূর্ত উদ্যাপন করে সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন জয়া আহসান। ছবিতে সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে কেক কাটার মুহূর্ত দেখা যায়। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লেখেন, ১০০ দিনের ভালোবাসা, ১০০ দিনের পথচলা! দর্শকদের ভালোবাসায় আজও অমলিন ‘আজও অর্ধাঙ্গিনী’। এই জয় আপনাদের, এই উদযাপন আপনাদের নিয়েই!

দুই বাংলায় সমানতালে কাজ করে যাওয়া জয়া আহসানের ক্যারিয়ারে দর্শকের ভালোবাসা বরাবরই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নতুন চরিত্রে নিজেকে উপস্থাপন এবং গল্পনির্ভর কাজে যুক্ত থাকার মধ্য দিয়ে তিনি নিজের অবস্থান ধরে রেখেছেন। আজও অর্ধাঙ্গিনীর ১০০ দিনের উদ্যাপনও সেই দর্শক-শিল্পী সম্পর্কের আরেকটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকল।