প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১২:৩৭ পিএম
বলিউডে কিছু সিনেমা মুক্তির পরও দীর্ঘদিন দর্শকের আলোচনায় থেকে যায়। গল্প, অভিনয় কিংবা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করার সাহসÑ কোনো না কোনো কারণে সেসব ছবি পায় আলাদা পরিচিতি। বিদ্যা বালান অভিনীত ‘দ্য ডার্টি পিকচার’ তেমনই একটি সিনেমা। এবার সেই আলোচিত ছবির দ্বিতীয় কিস্তি নির্মাণের উদ্যোগ নিয়েছেন প্রযোজক একতা কাপুর। সিক্যুয়েল নির্মাণের ঘোষণা সামনে আসতেই নতুন করে আলোচনায় এসেছে ছবিটি।
২০১১ সালে মুক্তি পেয়েছিল ‘দ্য ডার্টি পিকচার’। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেন বিদ্যা বালান। সাহসী উপস্থিতি ও ব্যতিক্রমী অভিনয়ের মাধ্যমে দর্শক-সমালোচকদের প্রশংসা অর্জন করেন তিনি। প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গির বাইরে একজন নারীর জীবন, আকাঙ্ক্ষা ও নিজস্ব সত্তার প্রকাশ ছবিটিকে বলিউডে স্বতন্ত্র অবস্থান এনে দেয়।
ছবিটির সাফল্যের পেছনে বিদ্যা বালানের অভিনয়ের পাশাপাশি সিল্ক স্মিতার জীবন ও ব্যক্তিত্বের উপস্থাপনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। পর্দায় চরিত্রটির আত্মবিশ্বাস, নিজস্ব শর্তে বাঁচার প্রবণতা এবং সামাজিক বাধা উপেক্ষা করে নিজের পরিচয় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা দর্শকের মনোযোগ কেড়েছিল। সেই পরিচিত গল্পের সূত্র ধরেই এবার নতুন কিস্তি নির্মাণের পরিকল্পনা সামনে এনেছেন একতা কাপুর।
প্রথম ছবির অভিজ্ঞতা ও সিল্ক স্মিতার ব্যক্তিত্ব প্রসঙ্গে একতা কাপুরের বক্তব্যেও উঠে এসেছে নিজের মতো করে বাঁচার বিষয়টি। সমাজ যাকে সীমাবদ্ধতার মধ্যে আটকে রাখতে চেয়েছিল, সিল্ক স্মিতা তার নিজস্ব সত্তাকে উদযাপন করতেনÑ এমন দৃষ্টিভঙ্গিই প্রথম ছবির অন্যতম বৈশিষ্ট্য ছিল। চরিত্রটির এই স্বাতন্ত্র্যই সিনেমাটিকে দর্শকের কাছে স্মরণীয় করে তুলেছিল।
মূল ছবিতে বিদ্যা বালানের সঙ্গে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। তাদের অভিনয়ও ছবিটির গল্পকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল। মুক্তির পর সিনেমাটি বিদ্যা বালানের অভিনয়জীবনের উল্লেখযোগ্য কাজগুলোর একটি হিসেবে পরিচিতি পায়।