প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৫:২০ পিএম
মাহফুজা রুমির আবেগময় কণ্ঠ গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা
ভালোবাসার মানুষ যখন অন্য কারও হয়ে যায়, তখন হৃদয়ের গভীরে জমে ওঠে একরাশ শূন্যতা, ভেঙে যায় স্বপ্নের প্রাসাদ। প্রিয় মানুষের প্রতারণা, হারানোর বেদনা আর একাকী রাতের নীরব কান্না—এমনই এক আবেগঘন গল্প নিয়ে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী মাহফুজা রুমির নতুন মৌলিক গান ‘সমুদ্র জলে’।
গানটি প্রকাশিত হয়েছে সঙ্গীতা মিউজিকের ইউটিউব চ্যানেলে। গীতিকবি রিমা খান অ্যানির কথায় উঠে এসেছে প্রতারিত হৃদয়ের হাহাকার, ভালোবাসার মানুষের হারিয়ে যাওয়ার যন্ত্রণা এবং নিঃসঙ্গতায় নিজেকে হারিয়ে ফেলার গল্প। রিমা খান অ্যানির লেখা প্রথম মৌলিক এই গানটিতে বাশার পঙ্কজের সুর এবং মাহফুজা রুমির আবেগময় কণ্ঠ গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
সঙ্গীতা মিউজিকের তত্ত্বাবধানে গানটির সংগীতায়োজন ও দৃশ্যায়ন করা হয়েছে। প্রকাশের পর গানটি শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে এবং ইতোমধ্যে প্রশংসা কুড়াচ্ছে।
উল্লেখ্য, মাহফুজা রুমি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের নিয়মিত কণ্ঠশিল্পী। নতুন এই গানটির মধ্য দিয়ে ভালোবাসা, বিচ্ছেদ ও বিরহের অনুভূতিকে শ্রোতাদের হৃদয়ে পৌঁছে দেওয়ার প্রয়াস নিয়েছেন তিনি।