প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১২:১২ পিএম
বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের পরিচিত মুখ নাসিমা খান আর নেই। ষাটের দশকে ঢাকার চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী কাজ করেছেন তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরের চলচ্চিত্রেও। দীর্ঘ অভিনয়জীবনে ‘যে নদী মরু পথে’, ‘সূর্যস্নান’, ‘বেগানা’ ও ‘উজালা’র মতো চলচ্চিত্রে অভিনয় করা নাসিমা খান ৮২ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেছেন।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। প্রথম আলোকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর দেখাশোনার দায়িত্বে থাকা নুরজাহান বেগম। চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও অভিনেতা সনি রহমানও তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
১৯৪৪ সালের ৬ আগস্ট পুরান ঢাকার লালবাগে জন্ম নাসিমা খানের। তাঁর পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল গ্রামে। বাবা মোহাম্মদ মাসুদ খান ছিলেন ব্যবসায়ী। কামরুন্নেসা স্কুলে পড়াশোনার পাশাপাশি ছোটবেলায় নাচও শিখেছিলেন তিনি।
১৯৫৯ সালে এ জে কারদার পরিচালিত উর্দু চলচ্চিত্র ‘জাগো হুয়া সাভেরা’য় ছোট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় নাসিমা খানের। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটির চিত্রনাট্যের সঙ্গে যুক্ত ছিলেন কবি ফয়েজ আহমেদ ফয়েজ। এতে অভিনয় করেছিলেন তৃপ্তি মিত্র ও খান আতাউর রহমানসহ অনেকে। ছবিটি ১৯৫৯ সালের মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বর্ণপদক অর্জন করে।
নাসিমা খানের পরিবারের সঙ্গে অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা খান আতাউর রহমানের ঘনিষ্ঠতা ছিল। লালবাগে তাঁদের বাড়ির কাছেই থাকতেন খান আতা। চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার পর প্রথমে পরিবারে দ্বিধা থাকলেও শেষ পর্যন্ত পড়াশোনায় অবহেলা না করার শর্তে অভিনয়ের অনুমতি পান তিনি।
প্রথম চলচ্চিত্রের পর বেবী ইসলাম পরিচালিত উর্দু ছবি ‘তানহা’য় অভিনয় করেন নাসিমা খান। ১৯৬১ সালে সালাহউদ্দিন পরিচালিত ‘যে নদী মরু পথে’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তাঁর পরিচিতি বাড়ে। পরে ‘সূর্যস্নান’ চলচ্চিত্রে অভিনয় তাঁকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পেতে সহায়তা করে। ষাটের দশকে বাংলা ও উর্দু—দুই ভাষার চলচ্চিত্রেই নিয়মিত অভিনয় করেন তিনি।
তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ধারাপাত’, ‘কার বউ’, ‘উজালা’, ‘বেগানা’, ‘আপন দুলাল’, ‘উলঝন’, ‘ম্যায় ভি ইনসান হু’, ‘দুই ভাই’, ‘গৌরী’, ‘আমার বৌ’ ও ‘ঢেউয়ের পরে ঢেউ’। এসব ছবিতে আনোয়ার হোসেন, হাসান ইমাম, রহমান, গোলাম মুস্তাফা ও আজিমের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।
ঢাকার বাইরেও লাহোরের চলচ্চিত্রে অভিনয় করেছিলেন নাসিমা খান। পাকিস্তান ফিল্ম ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, সেখানে নির্মিত তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘নয়ি লায়লা নয়া মজনু’ ও ‘গীত কাহিঁ সংগীত কাহিঁ’ (১৯৬৯), ‘আঁসু বন গয়ে মোতি’ (১৯৭০) এবং ‘রোড টু সোয়াত’ (১৯৭১)। ‘গীত কাহিঁ সংগীত কাহিঁ’ ছবিটির প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
স্বাধীনতার পর একসময় চলচ্চিত্র থেকে দূরে সরে যান এই অভিনেত্রী। পরে টেলিভিশনে উপস্থাপনার মধ্য দিয়ে পর্দায় ফেরেন। পরবর্তী সময়ে চলচ্চিত্র ও টেলিভিশন নাটকেও অভিনয় করেন। তাঁর অভিনীত পরবর্তী সময়ের চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মাতৃত্ব’, ‘কুসুম কুসুম প্রেম’ ও ‘মাটির পিঞ্জিরা’। তবে জীবনের শেষ দিকে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি।
১৯৯০ সালে সাপ্তাহিক ‘বিচিত্রা’র ঈদসংখ্যায় প্রকাশিত এক আত্মকথনে অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছিলেন নাসিমা খান। চলচ্চিত্র সমালোচক মাহমুদা চৌধুরীর অনুলিখিত সেই স্মৃতিচারণা ২০২৫ সালে পুনঃপ্রকাশ করে বাংলা মুভি ডেটাবেজ। সেখানে ‘সূর্যস্নান’ ছবিতে আনোয়ার হোসেনের সঙ্গে অভিনয়, ‘কার বউ’ ছবির শুটিংয়ে সিঁড়ি থেকে পড়ে আহত হওয়া এবং জহির রায়হানের ‘দুই ভাই’ চলচ্চিত্রের শুটিংয়ের স্মৃতি তুলে ধরেছিলেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ছোট ছেলে নাবিল নাছির রহমান কুশল নিখোঁজ হওয়ার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন নাসিমা খান। ছেলের সন্ধান চেয়ে বিভিন্ন সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন তিনি। তাঁর বড় ছেলে শাবাব নাসিম রহমান যুক্তরাষ্ট্রে থাকেন। অভিনেত্রী ঢাকার অদূরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নিরিবিলি স্বপ্নবিলাস এলাকায় বসবাস করতেন।
বাংলা ও উর্দু চলচ্চিত্রে কয়েক দশকের অভিনয়জীবন ছিল নাসিমা খানের। তাঁর মৃত্যুতে ঢাকার চলচ্চিত্রের প্রথম প্রজন্মের একজন অভিনেত্রীর জীবনাবসান হলো।