প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১২:৪৫ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৬ ১২:৪৫ পিএম
দীর্ঘ বিরতি পেরিয়ে আবারও বড়পর্দায় ফিরছেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়, গান ও উপস্থাপনাÑ বিনোদন জগতের বিভিন্ন মাধ্যমে নিজের উপস্থিতি জানান দেওয়া এই অভিনেত্রী এবার ফিরছেন মুক্তিযুদ্ধের ইতিহাসনির্ভর সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’ দিয়ে। অনম বিশ্বাস পরিচালিত সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তির অপেক্ষায়। এতে ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। আরও রয়েছেন ইরফান সাজ্জাদ ও খায়রুল বাসার। প্রায় দেড় বছর পর প্রেক্ষাগৃহে ফারিয়ার নতুন সিনেমা আসতে যাওয়ায় ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।
‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাটির যাত্রা শুরু হয়েছিল ‘ফুটবল ৭১’ নামে। শুটিং শেষে সিনেমাটির নাম পরিবর্তন করে রাখা হয় ঠিকানা বাংলাদেশ। একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করা হলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। অবশেষে গত বুধবার সিনেমাটির মুক্তির খবর নিশ্চিত করেন পরিচালক। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় উঠে এসেছে স্বাধীন বাংলা ফুটবল দলের ইতিহাস। মুক্তিযুদ্ধের সময় ফুটবলকে হাতিয়ার করে দেশের পক্ষে জনমত গঠনে দলটির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সেই ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি সিনেমাটি দর্শকের কাছে দেশের গৌরবময় অধ্যায়কে নতুনভাবে উপস্থাপন করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এদিকে বড়পর্দায় ফেরার পাশাপাশি নতুন কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন ফারিয়া। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘লাপাত্তা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি)। থ্রিলার, সাসপেন্স, আবেগ ও কমেডির সমন্বয়ে নির্মিত সিনেমাটিতে কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে তাকে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন নাসির উদ্দিন খান ও শাহরিয়ার নাজিম জয়।
অন্যদিকে নতুন এই কাজের বাইরে সম্প্রতি ‘লজ্জা’ সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছেন ফারিয়া। এমএইচ খোকন পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিতব্য সিনেমাটির গল্প লিখেছেন আবদুল আজিজ। এতে সমাজসচেতনতামূলক একটি বিষয় তুলে ধরা হবে।
অভিনয়ের পাশাপাশি গানেও নিজের অবস্থান ধরে রাখতে চান ফারিয়া। ‘লোকে বলে’ গানটির সাড়া তাকে নতুন করে উৎসাহিত করেছে। ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে কাজের অভিজ্ঞতাও ছিল আনন্দের। সামনে আরও দুটি নতুন গান প্রকাশের পরিকল্পনা রয়েছে তার। সুযোগ পেলে উপস্থাপনায়ও ফিরতে চান এই অভিনেত্রী।
চলচ্চিত্রের পরিবর্তিত পরিবেশ নিয়েও ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে ফারিয়ার। তার মতে, দর্শকের রুচি ও গল্প বলার ধরনে পরিবর্তন এসেছে। ওটিটির বিস্তার শিল্পীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে, একই সঙ্গে বেড়েছে কাজের দায়িত্বও। তাই অভিনয়ের ক্ষেত্রে ভালো গল্প ও চ্যালেঞ্জিং চরিত্রকে গুরুত্ব দিতে চান তিনি।
বিরতির পর আবারও কাজের জগতে সক্রিয় হয়ে উঠছেন এই অভিনেত্রী। বড়পর্দায় ‘ঠিকানা বাংলাদেশ’ দিয়ে প্রত্যাবর্তনের পাশাপাশি নতুন সিনেমা ও গান নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তার।